সিটিনিউজবিডি : প্রকাশ্য জনসভায় হত্যার হুমকি দেয়া হয়েছে বলে অভিযোগ করে নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে নগরীর ১৬ থানায় সাধারণ ডায়েরি (জিডি) পাঠিয়েছেন সংসদ সদস্য এম এ লতিফ। আওয়ামী লীগ দলীয় এই সংসদ সদস্যের বিরুদ্ধে বঙ্গবন্ধুর ছবি বিকৃতির অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে ই-মেইলে নগরীর ১৬ থানায় জিডি পাঠিয়েছেন এম এ লতিফ। জিডি’র আবেদনে এম এ লতিফের স্বাক্ষর আছে।
১৬ থানায় জিডি পাওয়ার কথা জানিয়েছেন নগর পুলিশ কমিশনার মোহা.আব্দুল জলিল মন্ডল। তিনি বলেন, এমপি সাহেবের জিডি’র কপি পেয়েছি। আমরা যাচাইবাছাই করে একটা সিদ্ধান্ত নেব।
জিডির আবেদনে এম এ লতিফ লিখেছেন, ১৫ ফেব্রুয়ারি নগরীর লালদিঘি ময়দানে নাগরিক মঞ্চ আয়োজিত এক সমাবেশে এবিএম মহিউদ্দিন চৌধুরী তাকে অবাঞ্চিত ঘোষণা করে চলাফেরায় সতর্ক করেন।
‘মহিউদ্দিন এ-ও বলেছেন, যুব সমাজ কিংবা ব্যক্তিবিশেষ আমাকে আক্রমণ করতে পারে। এতে আমার মৃত্যুও হতে পারে। আমার মৃত্যুর জন্য তাকে অর্থাৎ মহিউদ্দিন চৌধুরীকে আসামি করার জন্যও তিনি ঘোষণা দেন। ’ জিডির আবেদনে উল্লেখ করেন লতিফ।
মহিউদ্দিন চৌধুরী ও তার অনুসারীদের প্রকাশ্য হুমকির কারণে লতিফ জীবননাশের আশংকা করছেন বলে জিডির আবেদনে উল্লেখ করেছেন।
‘আমাকে প্রতিরোধসহ হত্যার নির্দেশনা দিয়ে এবিএম মহিউদ্দিন চৌধুরী তার অনুসারীদেরকে আমার পেছনে লেলিয়ে দিয়ে হত্যার দায়দায়িত্ব নিজের কাঁধে নেওয়ার আশ্বাস দিয়ে আমার জীবনকে হুমকির মুখে ফেলে দিয়েছে। মহিউদ্দিন ও তার অনুসারীদের অব্যাহত হুমকির মুখে আমি ও আমার পরিবার নিরাপত্তাহীন বোধ করছি। ’ জিডির আবেদনে উল্লেখ করেছেন লতিফ।
উল্লেখ্য, গত ৩০ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরকে কেন্দ্র করে চট্টগ্রাম-১১ আসনের (বন্দর, হালিশহর ও পতেঙ্গা) সাংসদ এম এ লতিফ বন্দরনগরীর বিভিন্ন স্থানে ফেস্টুন লাগিয়ে দেন। বঙ্গবন্ধুর প্রতিকৃতির মুখমণ্ডলের সঙ্গে লতিফের নিজের শরীর জুড়ে দিয়ে তৈরি করা হয় ফেস্টুনগুলো।
