চট্টগ্রাম : নগরীর পাঁচলাইশ থানার দুই নম্বর গেট এলাকায় জেলা পুলিশ সুপারের কার্যালয় সংলগ্ন পুলিশ ক্যান্টিনে হামলা ও ভাংচুর চালিয়েছে দুর্বৃত্তরা। হামলায় এক পুলিশ সদস্যসহ দু’জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নগরের মির্জাপুল এলাকায় অভিযান চালিয়ে দু’জনকে আটক করেছে পুলিশ।
আহতরা হলেন, জেলা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) রফিকুল ইসলাম ও ক্যান্টিন কর্মচারী মো. জসিম। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
সূত্র জানায়, স্থানীয় যুবকদের সাথে সন্ধ্যায় নাস্তার বিল নিয়ে কাটাকাটি হয় ক্যান্টিনের বয়দের। পরে রাত সোয়া ১০টার দিকে ৪০-৫০ জন যুবক লাঠিসোঠা, ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে ক্যান্টিনে হামলা চালায়। এসময় তারা ক্যান্টিন ভাংচুর করে। ক্যান্টিনের দরজা, চেয়ার, টেবিল, থালা-বাসন ভেঙে ফেলে। হামলায় জেলা পুলিশের এক সদস্যসহ দু’জন আহত হন।
পাঁচলাইশ থানার ওসি মহিউদ্দিন মাহমুদ বলেন, ‘কাটাকাটির জের ধরে ক্যান্টিনে হামলার ঘটনা ঘটেছে। এসময় ক্যান্টিনে বসা এএসআই রফিকুল ইসলামসহ দু’জন আহত হয়েছেন। ঘটনায় জড়িত অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ চলছে। বাকিদের ধরতে অভিযান অব্যহত আছে।’
