ইইউকে ইকোনমিক জোনে বিনিয়োগের আহবান বাণিজ্যমন্ত্রীর

ঢাকা: বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বাংলাদেশে ১০০টি স্পেশাল ইকোনমিক জোন স্থাপনের পরিকল্পনা নেয়া হয়েছে। ইতোমধ্যে ১০টি ইকোনমিক জোন প্রতিষ্ঠা করা হয়েছে। তিনি এসব ইকোনিমক জোনে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ব্যবসায়ীদের বিনিয়োগের আহবান জানান।

বৃহস্পতিবার ঢাকায় বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে ইইউ-এর সঙ্গে বিনিযোগ ও বাণিজ্য বৃদ্ধি এবং বাণিজ্য সংক্রান্ত সমস্যা সমাধানের উদ্দেশ্যে গঠিত বাংলাদেশ-ইউরোপীয় ইউনিয়ন(ইইউ) বিজনেস কাউন্সিলের প্রথম ‘বিজনেস ক্লাইমেট ডায়ালগ’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ইইউ বাংলাদেশের ইকোনমিক জোনে বিনিয়োগ করলে সরকার প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেবে। বাংলাদেশে এখন বিনিয়োগবান্ধব পরিবেশ রয়েছে। বিনিয়োগের জন্য বিভিন্ন দেশ এগিয়ে আসতে শুরু করেছে।

বাণিজ্যমন্ত্রী বলেন, বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন আকর্ষণীয় দেশ। এখানে বিনিয়োগ করলে ইউরোপের বিনিয়োগকারীরা লাভবান হবেন। বাংলাদেশ সরকার এখন বিনিয়োগকারীদের বিশেষ সুবিধা দিচ্ছে। সরকার যোগাযোগ ব্যবস্থা আধুনিকায়ন, বিদ্যুৎ সরবরাহ, অবকাঠামো নির্মাণসহ বিনিয়োগের সাথে সংশ্লিষ্ট সকল কাজ গুরুত্বের সাথে করছে। বিনিয়োগের জন্য সেবার মান উন্নত করা হয়েছে, বাংলাদেশ সরকারের সেবা প্রদান প্রতিষ্ঠানগুলো একযোগে কাজ করে যাচ্ছে। ইউরোপের দেশগুলোর প্রাইভেট সেক্টরের বিনিযোগকারীগণ এ সুযোগ গ্রহণ করতে পারেন।বিনিয়োগ সুরক্ষার সবধরনের পদক্ষেপ নিয়েছে সরকার।
তিনি জানান, ইইউ বাংলাদেশের বড় বাণিজ্যিক অংশিদার। বার্ষিক রপ্তানির প্রায় ৫৫ ভাগ ইউরোপীয় ইউনিয়নে যায়। এর ২৮টি দেশে গত ২০১৪-২০১৫ অর্থবছরে বাংলাদেশ ১৭০৩৫.৭৭৬ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য রপ্তানি করেছে, একই সময়ে বাংলাদেশ আমদানি করেছে ২৪৫০.৩৭ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য।

উল্লেখ্য, ইইউ ও বাংলাদেশ বিজনেস কাউন্সিলের এটি প্রথম বিজনেস ক্লাইমেট ডায়ালগ। বাংলাদেশে ইইউভ ৮টি দেশের রাষ্ট্রদূত ও ৫টি যৌথ চেম্বার প্রতিনিধি সমন্বয়ে ইইউ বিজনেস কাউন্সিল গঠন করা হয়।
সভায় বাংলাদেশে ইউরোপিয়ন ইউনিয়নের এ্যাম্বাসেডর এবং হেড অফ ডেলিগেশন পিয়েরি মায়াদুর নেতৃত্বে ইইউ ৮টি দেশ-যুক্তরাজ্য,জার্মানি, ফ্রান্স, ইটালি, ডেনমার্ক, সুইডেন, নেদারল্যান্ড এবং স্পেইন-এর রাষ্ট্রদূতসহ ৫টি যৌথ চেম্বারের প্রতিনিধি দলের ৩৬জন অংশ গ্রহণ করেন। বাংলাদেশ পক্ষে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুনের নেতৃত্বে বাণিজ্য সংশ্লিষ্ট সকল মন্ত্রনালয় ও বিভাগের সিনিয়র কর্মকর্তাবৃন্দ অংশ গ্রহণ করেন। বাসস

এ বিভাগের আরও খবর

Comments are closed.