অর্থ ও বাণিজ্য : বর্তমানে সাইবার হামলার যত ঘটনা ঘটে, তার ৬০ শতাংশের সঙ্গে হামলার শিকার হওয়া প্রতিষ্ঠানের নিজস্ব কর্মীর সম্পৃক্ততা থাকে। এর মধ্যে ৪৫ শতাংশ হামলা হয় নির্দিষ্ট উদ্দেশ্যে, আর বাকি ১৫ শতাংশ হামলার ঘটনা ঘটে কর্মীদের অনিচ্ছাকৃত ভুলের কারণে। এমন তথ্য উঠে এসেছে বহুজাতিক প্রযুক্তি ও পরামর্শক প্রতিষ্ঠান আইবিএমের সাইবার নিরাপত্তাবিষয়ক এক গবেষণায়।
বিশ্বব্যাপী ১০০–এর বেশি দেশে আইবিএমের সঙ্গে যুক্ত আট হাজার প্রতিষ্ঠানের তথ্য-উপাত্ত নিয়ে এ গবেষণা করা হয়। ২০১৫ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ে যত সাইবার হামলা হয়েছে, সেগুলোর তথ্যই এ গবেষণায় অন্তর্ভুক্ত করা হয়েছে। গবেষণায় বলা হয়েছে, অভ্যন্তরীণ কারণে সাইবার হামলার সংখ্যা গত এক বছরে ৫ শতাংশ বেড়েছে। ২০১৪ সালে এমন হামলার সংখ্যা ছিল ৫৫ শতাংশ, যা ২০১৫ সালে বৃদ্ধি পেয়ে ৬০ শতাংশ হয়েছে।
একটি প্রতিষ্ঠানে গড়ে সাইবার হামলার সংখ্যাও গত এক বছরে ৬৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলে গবেষণায় উল্লেখ করা হয়েছে। ২০১৪ সালে একটি প্রতিষ্ঠানে গড়ে ১০৯টি সাইবার হামলার ঘটনা ঘটলেও ২০১৫ সালে তা বেড়ে ১৭৮ হয়েছে।

Comments are closed.