নিজস্ব সংবাদদাতা,চন্দনাইশ : চট্টগ্রাম শহরের চান্দগাঁও থেকে গরু চুরি করে নিয়ে চন্দনাইশ বাগিচাহাটে বিক্রি করার সময় ৩ চোরকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনগণ। গতকাল ২২ আগস্ট সকাল ৮ ঘটিকার সময় এ ঘটনা ঘটে।
জানা যায়, নগরীর চান্দগাঁও বাড়ৈ পাড়ার গোলাম রসুলের ছেলে মো. ফয়সালের ২৫ হাজার টাকা মূল্যের ১টি বকনা চুরি করে নিয়ে আসে একই এলাকার মো. মুছার ছেলে রনি (২২), মহিউদ্দিনের ছেলে মো. সোহেল (২১), চন্দনাইশ সাতবাড়ীয়া হাছনদন্ডীর মৃত আবদুস ছাত্তারের ছেলে আবদুল গফুর (২২)। চোরের দল বকনাটি গতকাল সোমবার সকালে বাগিচাহাট এলাকায় বিক্রি করার সময় স্থানীয়দের সন্দেহ হলে তাদের আটক করে পুলিশে দেয়।
পুলিশ আটককৃতদের থানায় জিজ্ঞাসাবাদে জানতে পারে বকনাটি গোলাম রসুলের বাসা থেকে নিয়ে এসেছে চোরের দল। এ ব্যাপারে গোলাম রসুলকে খবর দিলে, সে চন্দনাইশ থানায় আসে। প্রতিবেদন লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল বলে পুলিশ জানায়।
