গোলাম সরওয়ার : আপনারা একই ব্যক্তির কাছে বারবার যাচ্ছেন। একই ব্যক্তির কাছে বার বার না গিয়ে আয়করের আওতা বাড়ানোর পরামর্শ দিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।
নগরীর জিইসি কনভেনশন হলে আজ ১ নভেম্বর মঙ্গলবার সপ্তাহব্যাপী আয়কর মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, নতুন করদাতা সৃষ্টি ও করবান্ধব পরিবেশ তৈরির জন্য আয়কর মেলার আয়োজন করা হয়।
প্রতি বছরের মতো এবারও জাতীয় রাজস্ব বোর্ড ঢাকা-চট্টগ্রামসসহ সারাদেশে সপ্তাহব্যাপী আয়কর মেলা উদযাপন করছে। জাতীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম আয়কর বিভাগ (কর অঞ্চল-১,২,৩,৪) যৌথভাবে এ মেলার আয়োজন করে।
মেলা কমিটির আহ্বায়ক ও চট্টগ্রাম কর আপিল অঞ্চলের কর কমিশনার মাহবুব হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংসদ সদস্য সাবিহা মুসা, অতিরিক্ত বিভাগীয় কমিশনার শংকর রঞ্জন সাহা, এনবিআর সদস্য ফিরোজ শাহ আলম, চট্টগ্রামের পুলিশ কমিশনার ইকবাল বাহার, চট্টগ্রাম অঞ্চলের ডিআইজি মোহাঃ শফিকুল ইসলাম, চট্টগ্রামের কমিশনার (কাস্টমস, এক্সসাইজ ও ভ্যাট) সৈয়দ গোলাম কিবরিয়া, কর আইনজীবী সমিতির সভাপতি কে এম জয়নাল আবেদীন, কর কমিশনার মো. নজরুল ইসলাম ও প্রদ্যুৎ কুমার সরকার।
