সিটিনিউজবিডি : ভুজপুর থানাধীন কাজির হাট রাবারড্যাম নামক চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার এলাকা থেকে ৩থেকে৪ লক্ষাধিক টাকার চোরাই কাঠবোঝাই একটি চাঁদের গাড়ি জব্দ করা হয়েছে।
শনিবার দিবাগত রাত ১২টার দিকে চট্টগ্রাম উত্তর বন বিভাগীয় কর্মকর্তা জগলুল হোসেনের নির্দেশে বিশেষ টহল বাহিনী অভিযান চালিয়ে কাঠবোঝাই গাড়িটি জব্দ করে। অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম উত্তর বন বিভাগের শহর রেঞ্জ কর্মকর্তা ও বিশেষ টহল বাহিনীর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মাহমুদুল্লাহ।
বিশেষ টহল বাহিনীর সদস্য জাহাঙ্গীর আলম জানান, গভীর রাতে সরকারি বন বাগানের গাছ কেটে পাচার করা হচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এই সময় কাজীর হাট রাবার ড্যাম-সংলগ্ন এলাকা দিয়ে একটি চাঁদের গাড়ি নং (ঢাকামেট্রো-ক- ৮৪৯৪) বোঝাই করে পাচারের সময় প্রায় ২০০ ঘনফুট অবৈধ গামারি কাঠসহ কাঠ বহনকারী চাঁদের গাড়িটি জব্দ করা হয়। আটককৃত কাঠের আনুমানিক বাজার মূল্য প্রায় ৩ লক্ষাধিক টাকা।
অভিযানে আরো অংশ নেন বিশেষ টহল বাহিনীর ফরেস্টার মহসীন তালুকদার, জাহাঙ্গীর আলম, মোস্তাফা কামাল, শফিউল করিম মজুমদার, শাখাওয়াত হোসেন, হারুনুর রশিদ, মাহমুদুর রহমান প্রমুখ।
আটককৃত কাঠ ও চাঁদের গাড়িটি উত্তর বন বিভাগের নাজিরহাট ডিপো হেফাজতে রাখা হয়েছে। এই ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
চট্টগ্রাম উত্তর বন বিভাগীয় কর্মকর্তা জগলুল হোসেন জানান, চট্টগ্রাম মহানগরী ও জেলার বিভিন্ন উপজেলার বনাঞ্চল থেকে অবৈধ কাঠ পাচার প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। কাঠ পাচার প্রতিরোধে গঠিত বিশেষ বাহিনীর মাধ্যমে চলমান এই অভিযান অব্যাহত থাকবে।
