নিজস্ব প্রতিনিধি : দক্ষিণ চট্টগ্রামের বাণিজ্যিক উপশহর খ্যাত দোহাজারী ইউনিয়নকে পৌরসভায় উন্নীত করায় চট্টগ্রামস্থ “আমরা দোহাজারীর সন্তান” কর্তৃক আয়োজিত আনন্দ র্যালি সম্পন্ন হয়েছে। এতে চট্টগ্রাম শহরে অবস্থিত দোহাজারীবাসী ছাড়াও দোহাজারীর বিভিন্ন দলের সিনিয়র নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।
আনন্দ র্যালিটি চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বর থেকে শুরু হয়ে জামালখান সড়ক থেকে চেরাগী পাহাড় মোড় প্রদক্ষিণ করে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে শেষ হয়। র্যালি শেষে ‘আমরা দোহাজারীর সন্তান’ আয়োজক কমিটির প্রধান সমন্বয়ক আতিকুর রহমান বাপ্পী সবাইকে র্যালিতে অংশগ্রহণ করায় কৃতজ্ঞতা প্রকাশ করেন ও আগামীতে দোহাজারীর সার্বিক উন্নয়নে স্বতঃস্পূর্ত অংশগ্রহণ করার জন্য আহবান জানান।
উল্লেখ্য যে, দোহাজারীবাসী দীর্ঘদিনের স্বপ্ন ছিল দোহাজারী ইউনিয়নকে পৌরসভা হিসেবে ঘোষণা করা হউক। ২০১৫ সালের ২৫ আগষ্ট গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রকাশিত গেজেটে এসআরও নং ২৬৫-আইন/২০১৫/স্থানীয় সরকার (পৌরসভা-২০০৯) (২০০৯ সনের ৫৮নং আইন) এর ধারা ৩ এর উপধারা(১) এর প্রদত্ত ক্ষমতা বলে সরকার চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলাধীন দোহাজারী ইউনিয়নকে গত ৯ জানুয়ারী’১৭ইং নিকার সভায় দোহাজারী পৌরসভা হিসেবে ঘোষণা দেন। এতে দোহাজারী ইউনিয়নে ৯টি ওয়ার্ড ও সাতবাড়ীয়া ইউনিয়নের ৮ ও ৯ নং ওয়ার্ডকে পৌরসভার অর্ন্তভূক্ত করা হয়।
দোহাজারীবাসী দীর্ঘদিনের প্রাণের দাবী বাস্তবায়ন করা বাংলাদেশের সফল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্থানীয় সংসদ সদস্য, বাংলাদেশ জাতীয় সংসদের প্যানেল স্পীকার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলামকে দোহাজারীবাসীর জনগণ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
