সিটিনিউজ ডেস্ক:: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় সফররত ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। আজ বৃহস্পতিবার বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠকের পর দ্বিপক্ষীয় বৈঠকে একটি সমঝোতা স্মারক সই হয়। এর আগে বিকেল ৩টা ২৩ মিনিটে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে মাহমুদ আব্বাসকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। শুভেচ্ছা বিনিময়ের পর দুই নেতার একান্ত বৈঠক শুরু হয়। তার পর বিকেল ৪টায় দ্বিপক্ষীয় বৈঠক শুরু হয়।
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, আইনমন্ত্রী আনিসুল হক, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, উপদেষ্টা গওহর রিজভী, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এবং মুখ্যসচিব কামাল আবদুল নাসের চৌধুরী বৈঠকে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন।
দ্বিপক্ষীয় বৈঠকে দুই দেশের একটি যৌথ কমিটি গঠনে একটি সমঝোতা স্মারক সই হয়। শেখ হাসিনা ও মাহমুদ আব্বাসের উপস্থিতিতে এতে সই করেন দুই পররাষ্ট্রমন্ত্রী।
তিন দিনের সফরে বুধবার ঢাকায় আসেন মাহমুদ আব্বাস। ফিলিস্তিনের প্রেসিডেন্ট হিসেবে এটাই বাংলাদেশে তার প্রথম রাষ্ট্রীয় সফর।
এ বিভাগের আরও খবর
