সিটিনিউজ ডেস্ক::বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নতুন নির্বাচন কমিশনও (ইসি) রক্তাক্ত পথে হাঁটতে শুরু করেছে। কাজী রকিবউদ্দীনের পদাঙ্ক অনুসরণ করে সিইসিসহ অন্য কমিশনরা নির্বাচন সুষ্ঠু ও অবাধ করতে যে বড় বড় বুলি ঝেড়েছেন তা বাস্তবায়নের সম্পূর্ণ উল্টো চিত্রই দেশবাসী প্রত্যক্ষ করছে।
সোমবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, গতকাল (রোববার) সিলেটে ওসমানীনগর উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে একজন কিশোর নিহত এবং ২৫ জন আহত হয়েছে। এছাড়া আগামী ৬ মার্চ অনুষ্ঠিতব্য দেশের মাত্র কয়েকটি উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে কলাপাড়া, পাবনাসহ অন্যান্য স্থানে বিএনপি মনোনীত প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলে বাধাসহ নির্বাচনী প্রচারণায় ভাংচুর, হামলা এবং প্রার্থীদের জীবননাশের হুমকিও দেয়া হচ্ছে। নির্বাচনী এলাকাগুলোতে নৈরাজ্যকর ও রক্তক্ষয়ী পরিবেশ বিরাজ করছে। লাশ পড়তে শুরু করেছে।
তিনি বলেন, বিএনপি মনোনীত প্রার্থীদের পক্ষ থেকে স্থানীয় নির্বাচন কমিশন কার্যালয়গুলোতে এসব বিষয় নিয়ে অভিযোগ করা হলেও কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। নতুন সিইসির অধীনে কমিশনের কর্তৃত্বে নির্বাচনী রক্তাক্ত সহিংসতার তাপমাত্রা যেন আরও বৃদ্ধি পেয়েছে।
রিজভী আরও বলেন, পূর্বের কমিশনের ন্যায় এরাও (নতুন ইসি) ‘চোখ থাকিতে অন্ধ’। বর্তমান সিইসির ক্ষমতাসীনদের সঙ্গে কানেকশন সম্পর্কে আমরা যা বলেছি তা অক্ষরে অক্ষরে ফলতে শুরু করেছে। সুতরাং পরবর্তী জাতীয় নির্বাচনে যে আওয়ামী লীগের সঙ্গে সিইসির মধুর কানেকশনের প্রতিফলন ঘটবে তা বলার অপেক্ষা রাখে না।
বিএনপির এ নেতা বলেন, আমরা যে কথাটি বার বার বলেছি যে, কেবলমাত্র আওয়ামী লীগের আশা পূরণ করতেই একজন বিতর্কিত, অযোগ্য ও আওয়ামী ঘরানার লোককে সিইসি করা হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) পক্ষ থেকে আগামী ৬ মার্চ অনুষ্ঠিতব্য দেশের কয়েকটি অঞ্চলে উপজেলা নির্বাচনকে ঘিরে সহিংসতা ও হানাহানি এবং নৈরাজ্যকর পরিস্থিতি সামাল দিতে বর্তমান নির্বাচন কমিশনের ব্যর্থতা, দুর্বলতা ও অযোগ্যতাকে ধিক্কার ও নিন্দা জানাচ্ছি -বলেন রিজভী।
