সিটিনিউজ ডেস্ক::প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, একাত্তরে পাকিস্তানি হানাদার বাহিনী যেমন বাংলাদেশের মানুষের ওপর পাশবিক নির্যাতন করেছিল, তেমনি ক্ষমতায় এসে বিএনপি-জামায়াতও এ দেশের মানুষের ওপর নির্যাতন চালিয়েছে। শিশুসহ সব স্তরের নারীদের অত্যাচার করেছে।
শনিবার রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে মহিলা আওয়ামী লীগের সম্মেলনে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘বিএনপি ক্ষমতায় এলে দেশবাসীর ওপর নির্যাতন চালানো হয়। ২০০১ সালেও বিএনপি ক্ষমতায় এলে তাদের নির্যাতনের ভয়াবহতা বাড়ে। ১০ বছরের শিশু থেকে ৬৫ বছরের বৃদ্ধ, কেউ রেহাই পায়নি তাদের নির্যাতন থেকে। দেশের প্রতিটি অঞ্চলে তারা নির্যাতন চালিয়েছে।’
তিনি বলেন, ‘তাদের অত্যাচারে কত মানুষ জীবন দিয়েছে। ২০১৩, ১৪, ১৫-তেও তারা একই কায়দায় নির্যাতন করেছে। চলন্ত গাড়িতে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মেরেছে। আগুনে দগ্ধ ব্যক্তিরা এখনো সেই যন্ত্রণা ভোগ করছেন।’
বক্তৃতার শুরুতেই প্রধানমন্ত্রী বাংলাদেশের স্বাধীনতাসহ সবরকমের আন্দোলন-সংগ্রামে নারীর অবদানের কথা স্মরণ করেন।
তিনি বলেন, সবসময় বাবা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পাশে থেকে প্রতিটি আন্দোলন সংগ্রামে অবদান রেখেছেন মা ফজিলাতুন্নেসা মুজিব।
