জাতীয় দিবসে স্বাধীনতাবিরোধীদের অতিথি নয়

0

সিটিনিউজ ডেস্ক::জাতীয় দিবসের কোনো অনুষ্ঠানে স্বাধীনতাবিরোধী বা মুক্তিযুদ্ধের সময় বিতর্কিত কর্মকাণ্ডের সঙ্গে জড়িত কাউকে অতিথি করা যাবে না। পিরোজপুরে বিজয় দিবসের অনুষ্ঠানে যুদ্ধাপরাধীর ছেলে আর কুড়িগ্রামে শহীদ বুদ্ধিজীবী দিবসের অনুষ্ঠানে জামায়াত নেতাকে অতিথি করার ঘটনায় তীব্র সমালোচনার মুখে এই সিদ্ধান্ত হয়েছে।

রবিবার সচিবালয়ে নিরাপত্তা সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেন, স্বাধীনতা, বিজয় দিবস বা শহীদ দিবসে স্বাধীনতাবিরোধীদের উপস্থিতি দেশবাসী কখনও মেনে নিতে পারে না। তাই তাদেরকে কোনোভাবেই আমন্ত্রণ জানানো যাবে না।

গত ১৬ ডিসেম্বর পিরোজপুরের সে সময়ের জিয়ানগর (বর্তমানে ইন্দুরকানী) উপজেলায় বিজয় দিবসের কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন মানবতাবিরোধী অপরাধী জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে ও জিয়ানগর উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী। যুদ্ধাপরাধী নেতার ছেলের হাত থেকে সম্মাননাও গ্রহণ করেন মুক্তিযোদ্ধারা।

জামায়াত নেতার ছেলে তার ফেসবুকে এই ছবি পোস্ট দেয়ার পর দেশ জুড়ে সমালোচনার ঝড় উঠে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেনকে বদলি ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে মিজানুল হককে প্রত্যাহার করা হয়।

এরও আগে গত ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসের এক অনুষ্ঠানে কুড়িগ্রামের উলিপুরে যোগ দেন স্বাধীনতাবিরোধী দল জামায়াতে ইসলামীর উপজেলা আমির ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাফিজ রুহুল আমিন। ৭১ সালে জামায়াতের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র সংঘের সদস্যদের দিয়ে গঠিত আলবদর বাহিনীই এই হত্যায় জড়িত ছিল। সেই দলের নেতাকে নিয়ে বুদ্ধিজীবীদের স্মরণ অনুষ্ঠানের আয়োজন করায় তীব্র সমালোচনা হয় স্থানীয় মুক্তিযোদ্ধাদের মধ্যে।

এই দুটি ঘটনা ছাড়াও মাঝে মধ্যেই জাতীয় দিবসের অনুষ্ঠানে চিহ্নিত স্বাধীনতাবিরোধী এমনকি মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের পক্ষে অস্ত্র ধরা রাজাকার বা অন্য বাহিনীর সদস্যদের অতিথি হয়ে আসার খবর প্রকাশ হয়। সরকারের নতু সিদ্ধান্ত অনুযায়ী এসব ঘটনা এবার বন্ধ হচ্ছে।

এই স্বাধীনতাবিরোধী ও বিতর্কিত ব্যক্তি কারা। এ বিষয়ে সরকারের কাছে কোনো তালিকা আছে কি না- এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জেলা ও পর্যায়ে যারা নেতৃত্বে আছেন তারা জানেন স্বাধীনতাবিরোধী ও বিতর্কিত কারা। এ জন্য তালিকার প্রয়োজন নেই।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.