সিটিনিউজ ডেস্ক::উগ্রপন্থী সংগঠন আনসার আল ইসলামকে নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ‘আনসার আল ইসলাম নামের জঙ্গি দল/সংগঠন ঘোষিত কার্যক্রম দেশের শান্তি-শৃঙ্খলা পরিপন্থি।… সংগঠনটির কার্যক্রম জন নিরাপত্তার জন্য হুমকি বলে বিবেচিত হওয়ায় বাংলাদেশে এর কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হল।’
রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণলয়ের জননিরাপত্তার বিভাগ এক বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞার কথা জানিয়েছে।
গত দুই বছর অনলাইন অ্যাক্টিভিস্ট ও ব্লগার এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হত্যার ঘটনায় আনসার আল ইসলামের নাম এসেছে। নানা হত্যার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজ্ঞপ্তি দিয়ে দায়ও স্বীকার করেছে সংগঠনটি।
সামাজিক যোগাযোগ মাধ্যমের মধ্যে বিশেষ করে ফেসবুকে ব্যাপক প্রচার চালায় আনসার আল ইসলাম। তারা মধ্যপ্রাচ্য এবং পারস্যের নানা দেশের ঘটনা তুলে ধরে বাংলাদেশিদেরকেও উগ্রপন্থায় উদ্বুদ্ধ করার চেষ্টা করে।
আনসার আল ইসলামের আগেও উপপন্থা ছড়ানোর অভিযোগে ছয়টি সংগঠনকে নিষিদ্ধ করেছে সরকার। এর মধ্যে সবশেষ নিষিদ্ধ করা হয় ব্লগার রাজীব হত্যায় নাম আসা আনসারউল্লাহ বাংলাটিমকে।
এর আগেও নানা সময় জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি), জাগ্রত মুসলিম জনতা বাংলাদেশ (জেএমজেবি), হরকাতুল জিহাদ আল ইসলামী বাংলাদেশ (হুজি), শাহাদাৎ-ই আল-হিকমা ও হিযবুত তাহরীরকে নিষিদ্ধ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
অবশ্য নিষিদ্ধ করলেও এসব সংগঠনের কর্মীরা থেমে নেই। চারদলীয় জোট সরকারের আমলে ব্যাপক তাণ্ডব চালানো জেএমবি ও জেএমজেবির তৎপরতা মাঝে কমে আসলেও সম্প্রতি আবার মাথাচাড়া দিয়েছে জেএমবি। হিযবুত তাহরীরেরও গোপন তৎপরতা চালু থাকার বিষয়েও তথ্য প্রমাণ রয়েছে। প্রায়ই আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে ধরাও পড়ছে এসব সংগঠনের কর্মীরা।
