জাপানি নাগরিক হত্যা: হাইকোর্টে ৫ জঙ্গির ডেথ রেফারেন্স

0
সিটিনিউজ ডেস্ক::রংপুরে জাপানি নাগরিক হোশি কুনিও হত্যা মামলার ডেথ রেফারেন্স সুপ্রিম কোর্টে পাঠানো হয়েছে। মঙ্গলবার রংপুরের বিশেষ জজ আদালত থেকে এই ডেথ রেফারেন্স পাঠানো হয়। ডেথ রেফারেন্সের নথি গ্রহণ করে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় তা প্রেরণ করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।
এ প্রসঙ্গে হাইকোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো. সাব্বির ফয়েজ ইত্তেফাককে বলেন, ডেথ রেফারেন্সের নথি পেয়েছি। এখন সংশ্লিষ্ট শাখা পেপারবুক প্রস্তুতের উদ্যোগ নেবে। অগ্রাধিকার ভিত্তিতে পেপারবুক প্রস্তুত করা হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে প্রধান বিচারপতি সিদ্ধান্ত দিলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
গত ২৮ ফেব্রুয়ারি জাপানি নাগরিক হোশি কুনিওকে হত্যার দায়ে জেএমবির পাঁচ জঙ্গিকে মৃত্যুদণ্ড দেয় রংপুরের বিশেষ জজ আদালতের বিচারক নরেশ চন্দ্র সরকার। রায়ে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) আঞ্চলিক কমান্ডার মাসুদ রানা ওরফে মামুন (২১), সদস্য ইছাহাক আলী (২৫), লিটন মিয়া ওরফে রফিক (২৩), সাখাওয়াত হোসেন (৩২) ও আহসান উল্লাহ আনসারী ওরফে বিপ্লবকে (২৪) মৃত্যুদণ্ড দেয়া হয়। এদের মধ্যে আহসান উল্লাহ পলাতক রয়েছেন। তিনি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। বাকি তিন আসামি মাসুদ রানা, ইছাহাক ও লিটন কারাগারে আছেন। তবে আবু সাঈদ নামে একজনকে খালাস দেয় আদালত।
রায়ের পর্যবেক্ষণে আদালত বলেন, ইসলাম একটি শান্তির ধর্ম। জেএমবি ইসলামের নামে নৈরাজ্য, জঙ্গিবাদ ও নৃশংসতা করে থাকে। জঙ্গিদের এসব কর্মকাণ্ডে বিশ্ব ইসলাম সম্পর্কে ভুল বার্তা পায়।
জাপানি নাগরিক হোশি কুনিও ২০১১ সালের ২৩ ডিসেম্বর বাংলাদেশে আসেন। তিনি রংপুরের কাউনিয়া উপজেলার কাচু আলুটারি গ্রামে গবাদিপশুর খাদ্য হিসেবে উন্নত মানের ঘাসের চাষ করতেন। ২০১৫ সালের ৩ অক্টোবর ওই কাচু আলুটারি গ্রামে ৬৬ বছর বয়সী কুনিওকে গুলি করে হত্যা করা হয়।
এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.