চন্দনাইশে ত্যাগী নেতা-কর্মীদের পাশে ইঞ্জি.আফছার উদ্দিন
নিজস্ব সংবাদদাতা,চন্দনাইশ: ইঞ্জিনিয়ার আফছার উদ্দিন আহমদ বলেন, দীর্ঘদিন শারীরিকভাবে অসুস্থ থাকার কারণে সভার সাথে দেখা করতে পারেন নি। তাই তিনি সৌজন্যতার কারণে এখন সাধারণ মানুষ এবং রাজনৈতিক ত্যাগী নেতা-কর্মীদের সাথে দেখা সাক্ষাৎ শুরু করেছেন। এ কর্মসূচি আগামীতে অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন। এদিকে দীর্ঘ ৯ বছর পর বাইক, মোটরযান শোভাযাত্রার মধ্য দিয়ে কাঞ্চননগর থেকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক হয়ে সাতবাড়ীয়ায় রাজনৈতিক শোডাউন করেছেন ।

সোমবার(১৩মার্চ) দুপুরে দুই শতাধিক বাইক, শতাধিক মোটরযানসহ সহস্রাধিক নেতা-কর্মী ও সমর্থক নিয়ে বাইক, মোটরযান শোভাযাত্রার মাধ্যমে এলাকা প্রদক্ষিণ করেন সাবেক এমপি, বিজিসি ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আফছার উদ্দিন আহমদ। তিনি কাঞ্চননগর বিদ্যানগর নিজ বাড়ী থেকে বাইক ও মোটরযান শোভাযাত্রার মাধ্যমে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক হয়ে সাতবাড়ীয়ার সাবেক মেম্বার আহমদ নবীর বাড়ীতে গিয়ে যাত্রা বিরতি করেন। সেখানে মধ্যাহ্নভোজ শেষে পার্শ্ববর্তী পূর্ব সাতবাড়ীয়া উচ্চ বিদ্যালয় ও হাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। এ সময় তিনি শিক্ষার্থী ও শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, তিনি ১০ বছর আগে নির্বাচনী প্রচারণা বলেছিলেন, চন্দনাইশের প্রতিঘরে একটি বাতি জ্বালাবো। সে কথা রাখতে গিয়ে চন্দনাইশ কাঞ্চননগরকে বিদ্যানগরে রূপান্তরিত করেছেন। যেখানে বিজিসি ট্রাস্টের অধীনে প্লে থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিক্ষা গ্রহণ করার সুযোগ সৃষ্টি করেছেন। এখন এলাকার শিক্ষার্থীরা বাসায় পান্তা ভাত খেয়ে মাস্টার্স ডিক্রি, নার্সিং, ডাক্তারী, ইঞ্জিনিয়ারিংসহ উচ্চতর ডিগ্রি লাভ করার সুযোগ পেয়েছে। ইঞ্জিনিয়ার আফছার উদ্দিন ঢাকা’র বুয়েটে লেখাপড়া কালীন ভিপিসহ বিভিন্ন দায়িত্ব পালন করেন। পরবর্তীতে মুক্তিযুদ্ধ চলাকালীন বিএলএফ, চট্টগ্রামের সেক্টর কমান্ডার, ১৯৮২ সাল থেকে লাগাতর ৯ বছর এ অঞ্চলের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। সে সাথে দক্ষিণ জেলা আ’লীগের সি. সহ-সভাপতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ছিলেন। মা-মাটি-মানুষ প্রকল্পের প্রবক্তা হিসেবে চন্দনাইশের অনুর্বর জায়গাকে চাষাবাদের আওতায় এনেছেন তিনি। তিনি অলটেক্স গ্রুপের চেয়ারম্যান, বিজিসি ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে অদ্যাবধি দায়িত্ব পালন করে যাচ্ছেন।
শোভাযাত্রায় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর, পৌর আ’লীগের আহবায়ক কায়সার উদ্দিন চৌধুরী, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরী, আ’লীগ নেতা আবুল কাসেম ম্যাক, জাকের হোসেন কমরু, দক্ষিণ জেলা প্রজন্মলীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, আ’লীগ নেতা বেলাল হোসেন মিঠুসহ আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ। দীর্ঘ ৯ বছর পর সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আফছার উদ্দিন এলাকায় নেতা-কর্মীদের নিয়ে প্রদক্ষিণ করার কারণে বেশকিছু ত্যাগী, পরীক্ষিত আ’লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে এবং তারা তাঁর উপস্থিতিকে উৎসাহমূলকভাবে নিয়ে আনন্দ-উৎসব করতে দেখা গেছে।
