সিটিনিউজ ডেস্ক::ময়মনসিংহের ভালুকায় সিমেন্ট বোঝাই ট্রাক উল্টে ১০ জন নিহত হয়েছেন। শুক্রবার ভোর সাড়ে ৩টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা উপজলোর মেহেরাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ভালুকার থানার ওসি মামুন অর রশিদ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
নিহত আটজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- ময়মনসিংহের তারাকান্দা উপজেলার একই পরিবারের আজিজুল হক (৩৫), রেজিয়া আক্তার (৩০), মেহেদী হাসান (১১), মিজান (৮), সিজার (৪) ও ময়মনসিংহ সদরের চরশিকতা গ্রামের জোসনা বেগম (৫৫), সিরাজুল ইসলাম (১৮) ও নালিতা বাড়ি উপজেলার শাহজাহান হোসেন (৪০)।
গুরুতর আহত সেলিম (৩৩), কদ্দুস আলী (৩৫), জহুর উদ্দিন (২৫) ও ইমাজ উদ্দিনকে (৪০) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ময়মনসিংহ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক শহীদুর রহমান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী সিমেন্ট বোঝাই ট্রাকটি উল্টে গিয়ে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে ৯ জনের মরদহে উদ্ধার করে। গুরুতর আহত পাঁচজনকে উদ্ধার করে ভালুকা উপজলোর স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তির পর সেখানে আরো একজন মারা যান।
হতাহতরা ট্রাকে থাকা সিমেন্টের ওপরে বসে জামালপুর ও শেরেপুরে যাচ্ছিলেন। ঢাকা-ময়মনসিংহ ফোরলেনের কাজ চলায় খোঁড়াখুড়ির কারণে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় ট্রাকের যাত্রীরা সিমেন্টের বস্তায় চাপা পড়ে হতাহত হন।
শহীদুর রহমান আরো জানান, ভালুকা ও ত্রিশাল ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট উদ্ধার কাজ করে।
এ বিভাগের আরও খবর
