সিটিনিউজ ডেস্ক::বনানীতে হোটেলের কক্ষে নিয়ে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীকে ধর্ষণের আলোচিত ঘটনার প্রধান আসামি আপন জুয়েলার্সের মালিক দিলদার হোসেনের ছেলে সাফাত আহমেদকে ধরতে তার গুলশানের বাসায় অভিযান চালাচ্ছে পুলিশ।
মঙ্গলবার বেলা ১১টার পর বনানী থানা পুলিশের একটি দল গুলশান-২ এর ১৮ নম্বর বাসায় অভিযান চালাতে যায়। দুপুর সাড়ে ১২টায় শেষ খবর পাওয়া পর্যন্ত সাফাতকে ধরতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনীটি।
গত ২৮ মার্চ বনানীর ‘দ্যা রেইন ট্রি’ হোটেলে বন্ধু সাফাত আহমেদের জন্মদিনে যোগ দিতে গিয়ে ধর্ষণের শিকার হন বিশ্ববিদ্যালয় পড়ুয়া দুই তরুণী। ওই ঘটনায় ৪০ দিন পর শনিবার সন্ধ্যায় বনানী থানায় পাঁচজনকে আসামি করে মামলা করা হয়।
মামলায় যাদেরকে আসামি করা হয়েছে তাদের মধ্যে একজন আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের ছেলে সাফাত আহমেদ। আরও আসামি হয়েছেন তার বন্ধু সাদমান সাকিফ, নাঈম আশরাফ, সাফাতের গাড়িচালক বিল্লাল ও তার দেহরক্ষী।
এদের মধ্যে সাদমান সাকিফ সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন আহমেদের ছেলে বলে বিভিন্ন অনলাইন গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে সাবেক এই সেনা কর্মকর্তার মেয়ে তাসনিয়া মাসুদ ফেসবুক পেজে লেখেন সাদমান শাকিল সেনা কর্মকর্তা মাসুদের ছেলে নন।
মামলার পর আসামিদের খুঁজে পাওয়া যাচ্ছে না বলে পুলিশের পক্ষ থেকে দাবি করা হলেও সাফাতের বাবা দিলদার আহমেদ জানিয়েছেন, সোমবার সন্ধ্যা পর্যন্ত তার ছেলে সাফাত তাদের গুলশানের বাসাতেই ছিলেন। পরে রাতে বাসা থেকে বের হয়ে যান।
মঙ্গলবার গণমাধ্যমকে দিলদার বলেন, ‘আমার ছেলে গতকাল রাতে বাসা থেকে বের হয়েছে। কোথায় গিয়েছে আমি জানি না। আমার সঙ্গে তার কোনো যোগাযোগ নেই।’
বনানী থানার পরিদর্শক তদন্ত আব্দুল মতিন বলেন, আসামিদের গ্রেপ্তারে বিভিন্ন জায়গায় অভিযান চলছে। এরই অংশ হিসেবে সাফাতকে ধরতে তাদের গুলশানের বাসায় অভিযান চালানো হচ্ছে। তবে এখন পর্যন্ত তাকে পাওয়া যায়নি।’
মামলার অন্য আসামিদের ধরতে পুলিশ অভিযান চালালেও তাদের কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলে আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে।
