সিটিনিউজ ডেস্ক:: মেয়র মনিরুল হক সাক্কুর পর কুমিল্লা সিটি করপোরেশনের নব নির্বাচিত ২৯ কাউন্সিলর শপথ নিয়েছেন। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন তাদের শপথ পড়ান।
কুমিল্লা সিটিতে মোট কাউন্সিলর সংখ্যা ৩৬ জন হলেও আজ ২৯ জন শপথ নেন। এদের মধ্যে সাধারণ কাউন্সিলর ২২ জন এবং সংরক্ষিত আসনের সাত জন শপথ নেন। আইনি জটিলতা থাকায় অন্য সাতজন শপথ নেননি। তাদের পরে শপথ পড়ানো হবে।
স্থানীয় সরকার সচিব আবদুল মালেকের সঞ্চালনায় শপথ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি করপোরেশনের নব নির্বাচিত মেয়র মো. মনিরুল হক, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব সৌরেন্দ্র নাথ চক্রবর্তী ও অতিরিক্ত সচিব মাহবুব হোসেন।
এর আগে সকাল সাড়ে ১০টার দিকে মেয়র সাক্কুকে শপথ পড়ান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গত ২০ জানুয়ারি কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ৩০ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হয়। গত ২০ এপ্রিল নির্বাচিত মেয়র ও সদস্যগণের গেজেট প্রকাশিত হয়। ২৭টি সাধারণ ওয়ার্ড ও নয়টি সংরক্ষিত ওয়ার্ডের সদস্য পদে মোট ১৫৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
