খালেদার ভিশন-২০৩০ ‘ইজ গুড’: অর্থমন্ত্রী

0

সিটিনিউজ ডেস্ক::বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাষ্ট্র পরিচালনায় দীর্ঘমেয়াদী পরিকল্পনা ভিশন ২০৩০ কে আওয়ামী লীগ নকল ও অন্তঃসারশূন্য বললেও এর প্রশংসা করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আমদুল মুহিত। তিনি একে দেশের জন্য ভালও বলেছেন।

বৃহস্পতিবার সচিবালয়ে দেশের জাতীয় পত্রিকার সম্পাদক ও বেসরকারি টেলিভিশন চ্যানেলের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে প্রাক-বাজেট আলোচনায় মুহিত এই মন্তব্য করেন।

ক্ষমতাসীন আওয়ামী লীগের উন্নয়ন ও রাষ্ট্র পরিচালনার দীর্ঘমেয়াদী পরিকল্পনা ভিশন ২০২১ এবং ভিশন ২০৪১ এর বিপরীতে খালেদা জিয়া বুধবার উত্থাপন করেন ভিশন ২০৩০। এতে দুই শতাধিক অঙ্গীকার রয়েছে। রয়েছে সংসদীয় ব্যবস্থা, নির্বাচনী ব্যবস্থা সংস্কার, উচ্চ আদালতের বিচারক নিয়োগে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনসহ নানা কথাও।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘এর (ভিশন ২০৩০) অনেকগুলো আওয়ামী লীগ ইতিমধ্যে বাস্তবায়ন করেছে, বাকিগুলো চলমান রয়েছে। এর পরও বিএনপি তার অজ্ঞতার কারণে এগুলোই তার ভিশন ২০৩০ তে তুলে ধরেছে।’

আওয়ামী লীগ নেতা এমনও বলেন যে, ‘খালেদা জিয়ার এই ভিশন ২০৩০ একটি মেধাহীন অন্তসারশূন্য, দ্বিচারিতামূলক এবং জনবিচ্ছিন্ন রাজনৈতিক দলের অসার প্রলাপ ছাড়া কিছুই নয়। প্রকৃতপক্ষে তাদের ভিশন হচ্ছে লুটপাট, দুর্নীতি আর এতিমের টাকা মেরে খাওয়ার ভিশন।

অর্থমন্ত্রী অবশ্য বলেছেন অন্য কথা। তিনি বলেন, ‘ইয়েস, আই থিঙ্ক দিস (ভিশন ২০৩০) ইজ গুড। এটা তো দেশের জন্য ভাল। ইউ হ্যাভ এ প্রজেকশন বাই এ ইম্পপরটেন্ট পলিটিক্যাল পার্টি।’

খালেদার ভিশন ২০৩০ এর কথা উল্লেখ করে দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত অর্থমন্ত্রীকে বলেন, ‘পত্রিকায় নিউজটা তো দেখেছেন, তিনি বাংলাদেশের কোন কোন জায়গায় কী কী করতে চান। কিছু টাইমলাইন দেওয়া আছে। কিছু লক্ষ্য দেওয়া আছে।’

জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘আমি এখন পর্যন্ত এটা সম্পর্কে কমেন্ট করব না। কারণ পুরা সেগমেন্টটা আমি এখনও পাইনি। কোনো কাগজে পুরো স্টেটমেন্টটা নেই।’

আগামী অর্থ বছরের বাজেট নিয়েও কথা বলেন অর্থমন্ত্রী। তিনি বলেন, বর্তমান সরকারের টানা আট বছরের গতিধারায় এবারই হবে সর্বশ্রেষ্ঠ বাজেট। এবার বাজেটের আকার হবে চার লক্ষ কোটি টাকা। যা গতবার ছিল ৩ লক্ষ ৪০ হাজার কোটি টাকা।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.