শ্রমিকদের কল্যাণে ইনজুরি স্কিম চালুর সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

0
সিটিনিউজ ডেস্ক::শ্রমজীবী মানুষের কল্যাণে দীর্ঘ মেয়াদী ও টেকসই এমপ্লয়মেন্ট ইনজুরি স্কিম চালুর জন্য মালিক এবং শ্রমিক সংস্থাগুলোর কার্যকর সহযোগিতা কামনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি এ সময় উৎপাদন আরো জোরদার করতে শ্রমিকদের প্রতি মালিকপক্ষকে আরো সহানুভূতিশীল হওয়ার আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, ‘যারা শ্রম দিয়ে কলকারখানাগুলো সচল রেখে উৎপাদন বাড়াচ্ছেন সেইসব শ্রমিকদের কল্যাণে আমি মালিকপক্ষকে আরো সহানুভূতিশীল হতে বলবো।’
তিনি বলেন, ‘একই সঙ্গে আমি চাই শ্রমিকরাও যে সব কলকারখানা থেকে তাদের জীবন-জীবিকার সংস্থান হয় সেগুলো সচল রাখতে আরো আন্তরিকভাবে দায়িত্ব পালন করবেন।’
বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী তার কার্যালয়ে দুর্ঘটনায় নিহত শ্রমিকদের পরিবারের সদস্য এবং তাদের পরিবারের মেধাবী শিক্ষার্থীদের মধ্যে আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন।
অন্যদের বক্তব্য রাখেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু, শ্রম মন্ত্রণালয় সস্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বেগম মন্নুজান সুফিয়ান। স্বাগত বক্তব্য রাখেন শ্রম মন্ত্রণালয়ের সচিব মিকাইল শিপার।
শেখ হাসিনা বলেন, ‘বড় ধরনের দুর্ঘটনায় ক্ষতিপূরণের ক্ষেত্রে বিপুল অর্থের প্রয়োজন হয়। তৈরি পোশাক শিল্পের সাম্প্রতিক দুর্ঘটনায় আমরা তা উপলব্ধি করেছি। এ অবস্থা থেকে উত্তরণের উপায় হলো দীর্ঘ মেয়াদী ও টেকসই এমপ্লয়মেন্ট ইনজুরি স্কিম চালু করা। এ লক্ষ্যে আমরা কাজ শুরু করেছি। এক্ষেত্রে জার্মান সরকার ও আইএলও আমাদের আর্থিক ও কারিগরি সহায়তা প্রদান করছে।’
তিনি বলেন, ইতোমধ্যে সরকার, মালিক ও শ্রমিক পক্ষের প্রতিনিধিরা জার্মানির এমপ্লয়মেন্ট ইনজুরি স্কিম সরেজমিনে পরিদর্শন করে বাস্তব অভিজ্ঞতা অর্জন করেছে।
বাংলাদেশের উপযোগী এমপ্লয়মেন্ট ইনজুরি স্কিম গড়ে তুলতে সক্ষম হবেন উল্লেখ করে তিনি বলেন, যার মাধ্যমে শ্রমিকদের উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান সহজ হবে। এ বিষয়ে মালিক-শ্রমিক সংগঠনগুলোর সক্রিয় অংশগ্রহণ আশা করেন প্রধানমন্ত্রী।
যেকোন শ্রমিক দুর্ঘটনার কারণে বা পেশাগত রোগ-ব্যাধির কারণে মৃত্যুবরণ করলে বা কর্মক্ষমতা হারালে তাদেরকে উপযুক্ত ক্ষতিপূরণের বিধান বাংলাদেশ শ্রম আইনে রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
শ্রমিকদের সুস্বাস্থ্য ও উন্নত চিকিৎসা নিশ্চিত করতে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের আওতায় দেশে প্রথমবারের মতো অকুপেশনাল ডিজিস হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেয়ার কথা জানিয়ে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, হাসপাতালে ৩৩ শতাংশ শয্যা শিল্প কারখানায় কর্মরত শ্রমিকদের জন্য রিজার্ভ থাকবে এবং শ্রমিকরা কম খরচে এ হাসপাতালে পেশাগত রোগ ব্যধির চিকিৎসা নিতে পারবেন।
শ্রম আইন, শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিল গঠন, তহবিলে স্থিতির পরিমাণ ৮ লাখ ৪৪ হাজার টাকা থেকে বৃদ্ধি করে ২০০ কোটি টাকায় উন্নীত করণ, তহবিল থেকে ১ হাজারের বেশি শ্রমিককে সাড়ে ৫ কোটি টাকা প্রদানসহ শ্রমিকদের কল্যাণে সরকারের নেয়া বিভিন্ন কার্যক্রমের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ যখনই সরকারে এসেছে সাধারণ মানুষের কল্যাণের জন্য কাজ করেছে। কারণ আমাদের রাজনীতিই হচ্ছে এদেশের গরিব মেহনতি মানুষের জন্য।
পরে প্রধানমন্ত্রী বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের তহবিল থেকে শ্রমিকদের ৩৭ জন মেধাবী সন্তান এবং দুর্ঘটনায় নিহত ২৭ জন শ্রমজীবীর পরিবারের সদস্যদের মধ্যে আর্থিক সহায়তার চেক বিতরণ করেন।বাসস
এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.