আন্তর্জাতিক ডেস্ক::রাশিয়ার কথা চিন্তা করেই এফবিআই প্রধান জেমস কোমিকে বরখাস্ত করা হয়েছে বলে স্বীকার করেছেন স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
নিজেই স্বীকার করেছেন, তিনি যখন এফবিআইয়ের পরিচালককে সরিয়ে দেন তখন রাশিয়ার কথাই তার মাথায় ঘুরঘুর করছিল৷ এনবিসি-কে দেওয়া সাক্ষাতকারে তিনি বলেন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল রড রোসেনস্টাইনের সুপারিশ অনুযায়ী কোমিকে সরিয়ে দেওয়া হয়েছে৷
ট্রাম্পের ভাষায়, রোসেনস্টাইন খুব সম্মানীয় ব্যক্তি, খুব ভালো মানুষ৷ ডেমোক্রেটরা তাকে পছন্দ করেন, রিপাবলিকানরাও পছন্দ করেন৷ তাই তার সুপারিশ গ্রহণ করেছি৷
ট্রাম্পের স্বীকারোক্তিতে আরও চমক আছে৷ তিনি বলেছেন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুপারিশ না করলেও আমি কোমিকে সরিয়ে দিতাম৷ মার্কিন নির্বাচনে রুশ যোগের তদন্ত নিয়ে আবার ক্ষোভ প্রকাশ করে ট্রাম্প বলেন, সকলেই জানেন, রাশিয়ার গল্প তৈরি করা৷ ভোটে হেরে যাওয়ার অজুহাত দিতে ডেমোক্রেটরা এটা বানিয়েছে।
কোমি গত মার্চেই জানিয়েছিলেন, তিনি ট্রাম্পের সহযোগীদের সঙ্গে রাশিয়ার যোগাযোগ নিয়ে তদন্ত করছেন৷ সম্প্রতি একটি দৈনিকে প্রকাশিত খবরে হোয়াইট হাউসের উদ্বেগ বেড়েছিল৷ তাতে বলা হয়, ট্রাম্প শিবিরের সঙ্গে রুশ যোগের গুরুত্বপূর্ণ তথ্য কোমির হাতে এসেছে৷ এই ঘটনার তদন্ত ক্ষমতাসীন দলের কাছে মাথাব্যথার কারণ হতে পারে৷ তবে ট্রাম্প এ কথা মানতে চাননি৷
এ প্রসঙ্গে ট্রাম্প বলেন, আমি চাই যাতে এই তদন্ত ঠিক ভাবে শেষ হয়৷ তাতে বোঝা যাবে, এই গল্প তৈরি করা হয়েছে৷
মার্কিন প্রেসিডেন্টের দাবি, যদি তদন্ত ঠিক ভাবে না হয়, তা হলে জনতা বিভ্রান্ত হবে৷ শুক্রবার আবার তিনি এই তদন্তের প্রসঙ্গ টেনে ডেমোক্রেটদের তোপ দেগে টুইট করেছেন৷ একইসঙ্গে আক্রমণ করেছেন সংবাদমাধ্যমকে৷ জেমস কোমির বিরুদ্ধে তার অভিযোগ, প্রাক্তন এফবিআই পরিচালক সংবাদমাধ্যমের কাছে তদন্ত সংক্রান্ত তথ্য ফাঁস করেছেন৷
