আন্তর্জাতিক ডেস্ক::যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির অদূরে লং আইল্যান্ডের একটি মহাসড়কে স্থানীয় সময় শনিবার ভোরে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত হয়েছে। তারা হলেন, রায়হান ইসলাম (২৮), মোহাম্মদ আলম (৬১) এবং আতাউর রহমান দুলাল (৩৪)। আল এ মোল্লাহ (৩৬) নামে আরো এক বাংলাদেশিকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
একাধিক সূত্র জানায়, ভোর পাঁচটার দিকে চারজন একটি হোন্ডা অ্যাকর্ড সেডান গাড়িতে করে লং আইল্যান্ডে তাদের কর্মস্থলে যাচ্ছিলেন। রায়হান গাড়িটি চালাচ্ছিলেন। পথে নর্দার্ন স্টেট পার্কওয়ের ৩১ এক্সিটের কাছে তাদের গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে গাড়িটে দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই মোহাম্মদ আলম ও আতাউর রহমান দুলালের মৃত্যু হয়। অন্যদের স্থানীয় উইনথ্রুপ হাসপাতালে নেওয়ার পর রায়হানকে চিকিত্সক মৃত ঘোষণা করেন।
পুলিশ নিশ্চিত হয়েছে, অন্য কোনো গাড়ির সঙ্গে তাদের সংঘর্ষ হয়নি। শনিবার ভোর থেকে প্রচুর বৃষ্টিপাত হচ্ছিল। বন্যার সতর্কবার্তাও জারি করা হয়েছিল। মহাসড়কের বিভিন্ন স্থানে পানি জমেছিল, যা মহাসড়কে গাড়ি চলাচলের জন্য বিপজ্জনক। বিরূপ আবহাওয়ার কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি ও ব্যবসায়ী ফখরুল ইসলাম দেলোয়ার জানান, নিহত চারজনের মধ্যে দুজনের বাসা জ্যামাইকার ১৪৮ স্ট্রিটে এবং অন্য দুজনের বাসা পারসনস বুলেভার্ডে। প্রতিদিন তারা একসঙ্গে লংআইল্যান্ডের একটি ওষুধ কোম্পানিতে কাজে যেতেন। রায়হানের গ্রামের বাড়ি ময়মনসিংহে বলে প্রাথমিকভাবে জানা গেছে। অন্যদের পরিচয় জানার চেষ্টা চলছে বলেও জানান তিনি।
এ বিভাগের আরও খবর
