স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি বিএনপির

0

সিটিনিউজ ডেস্ক:: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ে পুলিশের তল্লাশি বেআইনি দাবি করে এর দায়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের পদত্যাগ দাবি করেছে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী কোনোভাবে এর দায় এড়াতে পারেন না। তাকে এর জবাব দিতে হবে।’

রবিবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব এই দাবি করেন। তিনি বলেন, ‘এই তল্লাশি রাজনীতির জন্য অশনিসংকেত। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এমন ঘটনা ঘটেনি।’

শনিবার গুলশান দুই এর ৮৬ নম্বর সড়কের ছয় নম্বর বাড়িতে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে অভিযান চালায় পুলিশ। সকাল সাড়ে সাতটা থেকে সাড়ে নয়টা পর্যন্ত চলে এই অভিযান।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুবক্কর সিদ্দিক বলেন, কার্যালয়টিতে রাষ্ট্রবিরোধী কোনো নথিপত্র আছে কি না, সে বিষয়ে আদালতের পরোয়ানা থাকায় সেখানে তল্লাশি চালানো হয়। তবে তল্লাশিতে কিছুই মেলেনি।

কেন হঠাৎ এই তল্লাশি এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে প্রশ্ন উঠেছে। খোদ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এর কারণ জানতে চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসুজ্জামান খাঁন কামাল এবং পুলিশ প্রধান এ কে এম শহীদুল ইসলামের সঙ্গে কথা বলেছেন।

ওবায়দুল কাদের বলেছেন, ‘তারা (স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপি আমাকে জানিয়েছেন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খালেদা জিয়ার কার্যালয়ে পুলিশ অভিযান চালিয়েছে।’

এই তল্লাশির প্রতিবাদে আজ সারাদেশে বিক্ষোভ মিছিলেন ডাক দিয়েছে বিএনপি ও তার সহযোগী সংগঠনগুলো। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেছেন, ‘এর আগে আমাদের কার্যালয়ে হামলা, অভিযান হয়েছে। এবার চেয়ারপারসনের বেআইনিভাবে তল্লাশিকে করা হলো। রাজনৈতিক ইতিহাসে এটা কলঙ্কজনক ঘটনা হয়ে থাকবে।’

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.