চট্টগ্রাম চেম্বার নেতৃত্বে তৃতীয়বার নির্বাচিত মাহবুব, নেওয়াজ ও জামাল
গোলাম সরওয়ার : চট্টগ্রামের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন চট্টগ্রাম চেম্বারের পুনঃ সভাপতি নির্বাচিত হয়েছেন মাহবুবুল আলম(২০১৭-২০১৮) এবং (২০১৮-২০১৯) মেয়াদকালের জন্য। এই নিয়ে তৃতীয় বারের মতো চেম্বার সভাপতি হলেন তিনি। একই সাথে সিনিয়র সহ-সভাপতি হিসেবে আলহাজ্ব নুরুন নেওয়াজ সেলিম এবং সহ-সভাপতি পদে সৈয়দ জামাল আহমেদ নির্বাচিত হয়েছেন। এরা দু’জনও তৃতীয়বারের মত নির্বাচিত হলেন। সোমবার সকালে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারস্থ চট্টগ্রাম চেম্বারের বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে চেম্বারের নবনির্বাচিত ২৪ পরিচালকের বৈঠকে সংবিধান অনুযায়ী চেম্বার প্রেসিডিয়াম নির্বাচন করা হয়।
এবারের চেম্বার নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে টাউন এসোসিয়েশন ও ট্রেড গ্রুপে তিনটি করে ছয়টি মনোনয়ন জমা পড়ে। ফলে ছয়জনই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। অন্যদিকে শনিবার মনোনয়ন প্রত্যাহারের শেষদিনে ৯জন প্রার্থী প্রার্থীতা প্রত্যাহার করে নিলে দুটি গ্রুপে ১৮ জন পরিচালক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
পৃথক চারটি ক্যাটাগরি থেকে নির্বাচিত হওয়া ২৪ জন পরিচালকের মাধ্যমে চট্টগ্রাম চেম্বার পরিচালিত হয়। অর্ডিনারি গ্রুপের ১২ জন, এসোসিয়েটস ক্লাসের ৬ জন, টাউন এসোসিয়েশন গ্রুপের ৩ জন এবং ট্রেড গ্রুপের ৩ জন পরিচালক ভোটারদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হন। নির্বাচিত ২৪ জন পরিচালক নিজেদের মধ্য থেকে একজন সভাপতি, একজন সিনিয়র সহ-সভাপতি এবং একজন সহ-সভাপতি নির্বাচন করেন। পরিচালক নির্বাচিত হওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে চেম্বার প্রেসিডিয়াম গঠনের বাধ্যবাধকতা রয়েছে। আর সংবিধানের এই ধারা অনুসরণ করেই গতকাল চেম্বার প্রেসিডিয়াম গঠন করা হয়।
বিশ্বস্ত সূত্রে জানা যায়, সোমবার সকালে চেম্বার পরিচালকদের বৈঠক অনুষ্ঠিত হলেও কার্যত প্রেসিডিয়াম গঠনের ব্যাপারে রোববার রাতেই জরুরি একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বন্দর পতেঙ্গা আসনের সংসদ সদস্য ব্যবসায়ী নেতা আলহাজ্ব এম এ লতিফের উপস্থিতিতে অনুষ্ঠিত বৈঠকেই চেম্বার প্রেসিডিয়াম ঠিকঠাক করা হয়। গতকাল আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয় মাত্র।
