নিজস্ব প্রতিবেদক::এক মাসের ব্যবধানে আবারো পানিতে ডুবল চট্টগ্রাম নগর। গত মঙ্গলাবর সকাল ৯টা থেকে আজ বুধবার সকাল ৯টা পর্যন্ত ২২৫ দশমিক ২ মিলিমিটার (মিমি) বৃষ্টিপাত রেকর্ড করেছে। ‘মোরা’ কেটে গেলেও শুরু হয় ভারী বর্ষণ। ঘূর্ণিঝড় মোরার প্রভাবে নগরীতে ভারী বৃষ্টিপাত এবং জোয়ারের কারণে নিম্নাঞ্চল জলাবদ্ধতা দেখা দিয়েছে। স্থবির হয়ে পড়ে নগরীর স্বাভাবিক জীবনযাপন। 
থেমে থেমে চলা ভারী বর্ষণে পথচারী যানবাহন চালক ও যাত্রী, কর্মস্থল ও বাসামুখী লোকজন বাসাবাড়ির নিচতলা ও দোকানীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।

ভারী বর্ষণের ফলে বুধবার বেলা সাড়ে ১১টা পর্যন্ত ষোলশহর দুই নম্বর গেট, এসপি অফিসের সামনে, প্রবর্তক মোড়, কমার্স কলেজ এলাকা এক্সেস রোড, ছোটপুল, মুহুরী পাড়া, শান্তিবাগ আবাসিকসহ বিভিন্ন স্থানে সড়কের উপর হাটু পানি জমে গেছে।

পতেঙ্গ আবহাওয়া অফিস সূত্র জানিয়েছে,মঙ্গলাবর সকাল ৯টা থেকে বুধবার সকাল ৯টা পর্যন্ত ২২৫ দশমিক ২ মিলিমিটার (মিমি) বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৈরী এ আবহাওয়া আরও দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছেন।

আগ্রাবাদ কমার্স কলেজ, আগ্রাবাদ সিডিএ, এক্সেস রোড, ছোটপুল, শান্তিবাগ, রঙ্গিপাড়া, মুহুরী পাড়া, হালিশহর, এল ব্লক, কে ব্লকে পানি জমে আছে। বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান পানির কারণে খোলা যাচ্ছে না। যেসব সড়ক পানিতে ডুবে গেছে সেসব এলাকা হাটু পানি ডিঙ্গিয়েই গন্তব্যস্থলে পৌঁছতে হচ্ছে।পানি সরে যাওয়ার সুযোগ না থাকায় জনজীবণে নেমে এসেছে বিপর্যয়। হাটু পানির মধ্যেই ছাত্র-ছাত্রীদের স্কুল-কলেজে যেতে হচ্ছে।
