রান্না ঘরে মিলল ১২৫ গোখরা সাপ

0
সিটিনিউজ ডেস্ক::এবার রাজশাহী তানোরে রান্না ঘর থেকে মারা হলো ১২৫টি বিষধর গোখরা সাপ। বৃহস্পতিবার সন্ধ্যায় জেলার তানোর পৌরসভার ভদ্রখণ্ড মহল্লার কৃষক আক্কাস আলীর রান্না ঘর থেকে সাপগুলো মারা হয়। সবগুলো সাপই বাচ্চা।
গৃহকর্তা আক্কাস আলী জানান, সন্ধ্যার পর তার স্ত্রী হাসনা বিবি রান্না ঘরে গিয়েছিলেন। ওই সময় তিনি ঘরের মেঝেতে তিনটি গোখরা সাপের বাচ্চা দেখে চিৎকার করেন। খবর পেয়ে এগিয়ে যান আক্কাস আলী। পরে তার দুই ছেলে হাসিবুর রহমান ও আজিবুর রহমান এগিয়ে যান। তারা তিনজনে ওই তিনটি সাপ মেরে ফেলেন। এরপর রান্না ঘরের কোনায় থাকা গর্তের ভেতর থেকে একে একে বেরিয়ে আসে আরো ১২২টি খোখরা সাপ। প্রতিবেশীদের সহায়তায় সেগুলোও মেরে ফেলেন তারা। এ ছাড়া ওই রান্নাঘরের গর্তে পাওয়া যায় আরো ১৩টি গোখরা সাপের  ডিম।
আক্কাস আলী আরো জানান, সাপগুলো এক থেকে দেড় ফুট লম্বা। কিছু কিছু আরো ছোট। কেবলই ডিম থেকে বেরিয়েছে। তারা মা সাপটিতে গর্ত থেকে পালিয়ে যেতে দেখেছেন। পুরনো মাটির বাড়ি হওয়ায় ইঁদুরের গর্তে ডিম দিয়ে বাচ্চা ফুটিয়েছে গোখরা। সাপের ভয়ে পরিবারে আতঙ্কে নেমে এসেছে। ভয়ে ছেলে-মেয়েরা বাড়িতেই থাকতে চাইছে না।
এলাকার কলেজছাত্র আল-আমিন জানান, সন্ধ্যায় চেঁচামেচি পেয়ে তারা দৌড়ে যান ওই বাড়িতে। তারপর যা দেখেন তাতে চোখ ছানাবড়া। দেখেন ১২৫টি বাচ্চা সাপ মেরে ডালিতে রেখেছেন গৃহকর্তা। ঘটনার পর থেকে আক্কাস আলীর বাড়িতে সাপ দেখতে ভিড় জমান এলাকাবাসী। অনেকে মোবাইলে সাপের ছবিও তোলেন।
এর আগে গত মঙ্গলবার রাতে রাজশাহী মহানগরীর বুধপাড়া মহল্লার বাসিন্দা মাজদার আলীর শোয়ার ঘরে মারা পড়ে ২৭টি বিষধর গোখরা। এরপর বৃহস্পতিবার সন্ধ্যায় ওই বাড়ি থেকে আরেকটি গোখরা সাপ মারেন গৃহকর্তা। ওই বাড়িটিও পুরোনো মাটির বাড়ি। মারা পড়া সবগুলোই বাচ্চা সাপ। প্রতিটি লম্বায় আড়াই ফুটের মতো।
এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.