চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্স নামেই ৫০ শয্যা : চিকিৎসা সেবা ব্যাহত
নিজস্ব প্রতিনিধি,চন্দনাইশ ::৩১ শয্যা বিশিষ্ট চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সকে ২০১৩ সালের ২১ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফটিকছড়ি থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৫০ শয্যায় উন্নীত করে আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক চন্দনাইশ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে এসে ক্ষোভ প্রকাশ করে রোগী বলেন উদ্ধোধনের ফলকে নামেই ৫০ শয্যা বাস্তবায়ন নেই দীর্ঘ ৪ বছর অতিবাহিত হওয়ার পরও সংশ্লিষ্ট এবং এলাকার সাংসদের আন্তরিকতার অভাবে পূর্ণাঙ্গ ৫০ শয্যার সেবা পাচ্ছে না চন্দনাইশবাসী।
৫০ শয্যার হাসপাতালের জন্য সরকার দ্বিতল বিশিষ্ট নতুন হাসপাতাল ভবন, শিশু ওয়ার্ড, ডাক্তারদের জন্য আবাসিক ভবন নির্মাণের লক্ষ্যে ২০০৬ সালের ১০ এপ্রিল ঠিকাদার নিয়োগ করেন। যা ১৮ মাসের মধ্যে তথা ২২ নভেম্বর’০৭ সালে কাজ সম্পন্ন করার কথা ছিল। দীর্ঘ ৯ বছরেও সংশ্লিষ্ট ঠিকাদার কাজ শেষ করতে না পারায় অবশেষে দ্বিতল বিশিষ্ট নতুন হাসপাতাল ভবন কোন রকমে বুঝে নিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় ২০১৩ সালের ২১ আগস্ট। ডাক্তারদের আবাসিক ভবনের নির্মাণ কাজ মাঝপথে বন্ধ হয়ে যায়।

উদ্বোধনের ৪ বছর অতিবাহিত হলেও ৫০ শয্যার হাসপাতালের জন্য ১০ জন বিশেষজ্ঞ ডাক্তারসহ ১৮ জন চিকিৎসক নিয়োগ দেয়ার কথা রয়েছে। কিন্তু সেভাবে কর্মকর্তা ও আসবাবপত্র, চিকিৎসা সরঞ্জাম প্রদান না করায় সেবা থেকে বঞ্চিত হচ্ছে এলাকাবাসী। তাছাড়া বর্তমানে যে সকল চিকিৎসক রয়েছে তৎ মধ্যে বর্তমানে ৪ জন অন্যত্র বদলী, ৬ জন রাঙ্গামাটিতে ডেপুটেশনে থাকায় চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। এ ব্যাপারে স্থানীয় সচেতন মহল যথাযথ কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।
