বয়স্ক ও প্রতিবন্ধীদের স্বাভাবিক জীবনে ও সচ্ছল করতে সরকার প্রতিজ্ঞাবদ্ধ
নিজস্ব প্রতিনিধি : শহর সমাজ সেবা কার্যালয়-৩ ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর যৌথ আয়োজনে বয়স্ক-অসচ্ছল প্রতিবন্ধীদের মাঝে ভাতার বই বিতরণ করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন।
রোববার (৯ জুলাই) সকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কে বি আবদুচ ছত্তার মিলনায়তনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজসেবা অধিদপ্তর চট্টগ্রাম শহর সমাজসেবা কার্যালয়-৩ এর উদ্যোগে ২২২ জন বয়স্ক ও প্রতিবন্ধীদের মাঝে সরকার প্রদত্ত মাসিক ভাতার বই বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা ড. মুহম্মদ মুস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন।
বিশেষ অতিথি ছিলেন সমাজসেবা অধিদপ্তর এর উপ-পরিচালক বন্দনা দাশ, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর মিসেস আবিদা আজাদ, জাতীয় সমাজ কল্যাণ পরিষদ এর কেন্দ্রীয় সদস্য সৈয়দ মোরশেদ হোসেন, উপ-পরিচালক মোহাম্মদ শহিদুল ইসলাম, সোস্যাল সার্ভিসেস অফিসার কামরুল পাশা ভূঁইয়া। ভাতা বিতরণ অনুষ্ঠানে সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর মিসেস আঞ্জুমান আরা বেগম ও জনসংযোগ কর্মকর্তা মো. আবদুর রহিম সহ চসিক এর অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির ভাষনে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন বলেন, চট্টগ্রাম নগরে ২০০৬ সাল থেকে বয়স্ক ও প্রতিবন্ধী ভাতা প্রচলন হয়।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সামাজিক বেষ্টনির আওতায় গ্রামের সাথে শহর এলাকাকেও সংযুক্ত করে বয়স্ক ও প্রতিবন্ধী ভাতা চালু করেছেন। তিনি চট্টগ্রাম নগরীতে বিধবা ভাতা চালু করার প্রস্তাব করে বলেন, দারিদ্র বিমোচনের লক্ষ্যে সরকারের গৃহিত কর্মসূচির আলোকে চট্টগ্রাম নগরীর শহর সমাজসেবা কার্যালয়-৩ এর অধীনে ১৫৭ জন প্রতিবন্ধীকে মাসিক ৬শত টাকা এবং ৬৫জন দরিদ্র বয়স্ককে মাসিক ৫০০ টাকা করে ভাতা প্রদান করা হচ্ছে।
মেয়র আ জ ম নাছির উদ্দীন বয়স্ক ও প্রতিবন্ধী ভাতা স্বশরীরে ব্যাংক থেকে নিয়মিত উত্তোলন করার আহবান জানিয়ে বলেন, শেখ হাসিনার সরকার বয়স্ক ও প্রতিবন্ধীদের সামাজিক মর্যাদায় সমাজবদ্ধ করার প্রয়াসে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছেন। তাদেরকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা ও সচ্ছল করতে সরকার প্রতিজ্ঞাবদ্ধ। এ প্রসঙ্গে মেয়র বলেন, সরকারের নানামুখি সুবিধা প্রাপ্তির বাইরে এখনো অনেকেই রয়েছে। যোগাযোগ বা সমন্বয়হীনতার কারনে অনেকে বঞ্চিত হচ্ছে। এজন্য বয়স্ক বা প্রতিবন্ধী পরিবার প্রতিনিধিদেরকে এ কর্মসূচি সংশ্লিষ্টদের সাথে যোগাযোগ করে ভাতা প্রাপ্তি নিশ্চিত করার ব্যাপারে তিনি মত প্রকাশ করেন । অনুষ্ঠান শেষে মেয়র ২২২ জন এর হাতে ভাতার বই তুলে দেন।
