স্কুলের আলমারি চাপায় পঞ্চম শ্রেণির ছাত্রের মৃত্যু !
সিটিনিউজ ডেস্ক : চট্টগ্রাম নগরীর পাথরঘাটায় সেন্ট প্লাসিডস স্কুলের লাইব্রেরিতে আলমারি চাপায় পঞ্চম শ্রেণির ছাত্র জয়দীপের মৃত্যু হয়েছে। রবিবার(১৩ আগস্ট) বেলা দেড়টার সময় স্কুলে ছুটির ঘণ্টা বাজলো। হঠাৎ করে শুনতে পেল সহপাঠীদের হৈ-হুল্লোড়। তাই কিছুটা তাড়াহুড়ো করে বেরুতে চেয়েছিল সে। কিন্তু কোনোকিছু বুঝে ওঠার আগেই লাইব্রেরির আলমারির নিচে পিষ্ট হতে হলো পঞ্চম শ্রেণিতে পড়ুয়া শিশু জয়দীপকে।
জয়দীপ দত্ত সেন্ট প্লাসিডস স্কুলে নার্সারি থেকে তার পড়ালেখা শুরু। বাবা দেবাশীষ দত্ত ও মা মিন্টু দাশ, দুজনই শিক্ষকতায় জড়িত। জয়দীপের মা মিন্টু দাশ দু’বছর আগে সেন্ট প্লাসিডস স্কুলে শিক্ষকতা পেশায় যোগদান করেছিলেন। ভেবেছিলেন, ছেলের সঠিক যত্ন নিতে পারবেন। কে জানতো, এই স্কুলের লাইব্রেরিতেই প্রাণ দিতে হবে তাদের কলিজার টুকরা ছেলেটাকে ।

লাইব্রেরির এক কোণে মাথা নিচু করে এক মনে বই পড়ছিল জয়দীপ। ছুটির ঘণ্টা শুনে সহপাঠিদের সাথে বের হয়ে যাবে বলে প্রস্ততি নিচ্ছিল। বন্ধুদের হৈ-হল্লার কারণেই হবে হয়ত, ধাক্কা লাগায় পুরো বুকসেল্ফটি উল্টে পড়ে যায় জয়দীপের গায়ে। মাথায় প্রচণ্ড আঘাত লাগে ছেলেটার। সঙ্গে সঙ্গে জ্ঞান হারায় সে। স্কুল কর্তৃপক্ষ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা জয়দীপের বাবা-মায়ের আহাজারি থামানোর সুযোগ পেলেন না আর মৃত ঘোষণা করলেন জয়দীপকে।
এ ব্যাপারে সেন্ট প্লাসিডস স্কুলের অধ্যক্ষের সাথে যোগাযোগ করতে চাইলে উপাধ্যক্ষ জানান, অধ্যক্ষ বর্তমানে ঢাকায় অবস্থান করছেন।’ তিনি আরো বলেন, ‘ছুটির ঘণ্টা বাজলেই সব বাচ্চারা একসাথে বের হতে চায়। ফলে ছেলেদের দস্যিপনার কারণেই হয়ত অনাকাঙ্ক্ষিত এই দুর্ঘটনা ঘটেছে।
