নিজস্ব প্রতিবেদক, সিটিনিউজ::চট্টগ্রামের কর্ণফুলীতে বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ পাঁচজন নিহত হয়েছে। শনিবার রাত ১২টায় কর্ণফুলী থানার শাহ আমানত সেতুর টোল প্লাজায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মোহাম্মদ সোহেল (৩৭), তার স্ত্রী বৃষ্টি (৩৫) এবং তাদের দুই শিশু সন্তান শারমিন (৫) ও সাব্বির (৩)। নিহত অপরজন তাদের বহনকারী অটোরিকশাচালক সুরুজ মিয়া (৫৫)।
নিহত সোহেল নগরের কর্ণফুলী থানার চরপাথরঘাটা এলাকার বাসিন্দা। তিনি স্ত্রী-সন্তানসহ রাতে শহরের আলকরণ এলাকার শ্বশুর বাড়ি থেকে বাসায় ফিরছিলেন।
কর্ণফুলী থানার এসআই জাবেদ ইসলাম জানান, শাহ আমানত সেতুর টোল এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয় একটি বাস। এতে ঘটনাস্থলেই একই পরিবারের চারজনের মৃত্যু হয়। অটোরিকশা চালককে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যায়।
ঘটনাস্থল থেকে বাসটি আটক করা হয়েছে, তবে বাসটির চালক পালাতক জানান তিনি।
