ঘুষ কেলেঙ্কারির মামলায় স্যামসাংয়ের প্রধানকে ৫ বছরের কারাদণ্ড

0

প্রযুক্তি ডেস্ক, সিটিনিউজ :: বিশ্বের বৃহত্তম স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং ইলেকট্রনিকসের প্রধান নির্বাহী লি জে ইয়ংকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছে দক্ষিণ কোরিয়ার এক আদালত।

শুক্রবার (২৫ আগস্ট) ঘুষ কেলেঙ্কারির মামলায় তার বিরুদ্ধে এই রায় দেয়া হয়েছে বলে জানায় ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

বিবিসি জানায়, সাবেক প্রেসিডেন্ট পার্ক জিওন হাই এর অভিশংসনের সঙ্গেও লির এই বড়ধরণের কেলেঙ্কারিকে একীভূত করে দেখা হচ্ছে।

জানা গেছে, ৪৯ বছর বয়সী লি বিশ্বের বৃহত্তম স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং ইলেকট্রনিকসের ভাইস চেয়ারম্যান।

দুর্নীতির বেশ কয়েকটি অভিযোগে গত ফেব্রুয়ারি মাসে তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়। তদন্তের অংশ হিসেবে গত ১৭ ফেব্রুয়ারি লিকে গ্রেপ্তার করা হয়।

সেসময় সরকারের আনুকূল্য পেতে প্রেসিডেন্ট পার্ক জিউন-হাই’র ঘনিষ্ঠ বান্ধবী চই সুন-সিল ও তার মেয়ের অলাভজনক একটি ফাউন্ডেশনে ৩ কোটি ৬৩ লাখ ডলার অনুদান দেন জে-ইয়ং।

বিশেষ সুবিধা পাওয়ার আশায় এ অনুদান দেয়াকে ঘুষ হিসেবেই ধরা হচ্ছে।

গত ফেব্রুয়ারিতে এ ঘটনায় জে-ইয়ংকে গ্রেফতারের দাবি জানান দক্ষিণ কোরিয়ার বিশেষ আইনজীবীরা। তবে সেসময় আবেদনটি খারিজ করে আদালত।

আদালত জানায়, লি’র বিরুদ্ধে উত্থাপিত ঘুষ, অবৈধ অর্থ আত্মসাৎ ও মিথ্যাচারের অভিযোগ প্রমাণের মতো পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ নেই।

কিন্তু পরের সপ্তাহে আবারও লি’কে গ্রেফতারের আবেদন জানান আইনজীবীরা। এরপর গত ১৭ ফেব্রুয়ারি তাকে গ্রেফতার করা হয়।

সেসময় আদালত জানায়, নতুন অপরাধ মামলায় এবং নতুন তথ্য প্রমাণের ভিত্তিতে লি’কে গ্রেফতার করা হয়েছে।

উল্লেখ্য, স্যামসাং ইলেক্ট্রনিকসের বর্তমান ভাইস চেয়ারম্যান লি জে-ইয়ং। ২০১৪ সালে তার বাবা ও কোম্পানির চেয়ারম্যান লি কুন-হে হৃদরোগে আক্রান্ত হওয়ার পর থেকে স্যামসাং গ্রুপের অঘোষিত প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।

৭০০ কোটি ডলারের মালিক ‘লি জে ইয়ং’ দক্ষিণ কোরিয়ার তৃতীয় ধনী ব্যক্তি।

তথ্যসূত্র: বিবিসি

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.