মনোবল হারাবেননা, বন্যার্তদের প্রধানমন্ত্রী

0

সিটিনিউজ ডেস্ক::প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘ক্ষতিগ্রস্তদের ঘর করে দেওয়া হবে। এছাড়া বন্যা কবলিত এলাকায় কৃষি ঋণ নেওয়া কৃষকদের সুদ আদায় বন্ধ থাকবে। বন্যাদুর্গত মানুষের পাশে রয়েছে সরকার। তাই কাউকে মনোবল হারিয়ে দুশ্চিন্তা ও হতাশায় পড়তে হবে না।’ গাইবান্ধার গোবিন্দগঞ্জে শনিবার সকাল পৌনে ১১টার দিকে বন্যাদুর্গতদের ত্রাণ ও ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে ধানের চারা বিতরণের আগে এসব কথা বলেন তিনি।

এর আগে সকাল ১০টা ৮ মিনিটে হেলিকপ্টারে করে গোবিন্দগঞ্জে পৌঁছান  প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, ‘বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ১০ টাকায় চাল দেওয়া, ভিজিডি, ভিজিএফসহ বিভিন্ন প্রকল্পে সুযোগ-সুবিধা দেওয়া হবে। এ ছাড়া ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট, স্কুল-কলেজ মেরামতসহ যাদের বই নষ্ট হয়েছে তাদের বই দেওয়া হবে।’

তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য বাংলাদেশকে দারিদ্র্যমুক্ত করা। সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। তবে দেশের প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করেই আমাদের বসবাস করতে হবে। দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় সরকার সব সময় কাজ করবে।’

পরে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে ত্রাণ সামগ্রী ও ধানের চারা তুলে দেন প্রধানমন্ত্রী। প্রায় তিন হাজার বন্যাদুর্গত সেখানে ত্রাণ নিতে আসেন।

গাইবান্ধা থেকে বিকেলে বন্যাদুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ করতে বগুড়ার সারিয়াকান্দিতে যাবেন প্রধানমন্ত্রী।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.