‘বৃষ্টির কারণ দেখিয়ে ঘরে বসে থাকলে কঠোর ব্যবস্থা’

0

সিটিনউজ ডেস্ক::ঈদে বাড়ি ফেরা মানুষের যাত্রা নির্বিঘ্নে করতে ও সড়কে যানজট এড়াতে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের কর্মকর্তাদের ২৪ ঘণ্টা রাস্তায় থাকার নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃষ্টির কারণ দেখিয়ে ঘরে বসে থাকলে এর জন্য কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

শনিবার দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রামের হাইওয়ে ইন রেস্তোরাঁয় সওজ চট্টগ্রাম বিভাগের প্রকৌশলীদের সঙ্গে মতবিনিময়কালে সেতুমন্ত্রী এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, এবারের ঈদযাত্রা নির্বিঘ্ন করা আমাদের জন্য চ্যালেঞ্জ। কারও কোনো অজুহাত আমি শুনতে চাই না। দাউদকান্দি, মেঘনা ও কাঁচপুর এলাকায় তিনটি সেতু তৈরির পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আর কোনো যানজট থাকবে না।

এ সময় ঢাকার পোস্তগোলা থেকে মাওয়া পর্যন্ত রাস্তা সচল রাখতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন মন্ত্রী।

বিএনপির আন্দোলন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, গত সাড়ে ৮ বছরে বিএনপি সাড়ে ৮ মিনিটের জন্যও রাস্তায় নামতে পারেনি। তাদের ব্যর্থ নেতৃত্বের কারণে সারাদেশের নেতাকর্মীরা হতাশ। বিএনপি নির্বাচনে না গিয়ে ভুলের চোরাবালিতে আটকে আছে।

সওজ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী আবদুস সবুর, কুমিল্লার অতিরিক্ত প্রধান প্রকৌশলী শাহাব উদ্দিন, নির্বাহী প্রকৌশলী সাইফ উদ্দিন আহমেদ, চট্টগ্রাম সওজ’র নির্বাহী প্রকৌশলী জুলফিকার আহমেদ, হাইওয়ে কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপার পরিতোষ ঘোষ, কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন এবং চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায় দায়িত্ব প্রাপ্ত সওজ’র নির্বাহী প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.