শাহজালাল বিমানবন্দরে ৪৫০কার্টন সিগারেট জব্দ

0

সিটিনিউজ ডেস্ক :: রাজধানীর হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমদানি নিষিদ্ধ ৪৫০ কার্টন সিগারেট জব্দ করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ।

আজ শুক্রবার (১৫ সেপ্টেম্বর) এসব সিগারেট জব্দ করা হয়। এ সময় মো. সেলিম নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তাঁর বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি এলাকায়।

শুল্ক গোয়েন্দা আরো জানায়, চট্টগ্রামের ফটিকছড়ির বাসিন্দা মো. সেলিম কুয়েত থেকে শুক্রবার সকালে কিউইউ-২৮৫ ফ্লাইটে বিমানবন্দরে অবতরণ করে।

গোপন সংবাদ থাকায় শুল্ক গোয়েন্দারা ব্যাগেজ বেল্টসহ গ্রিন চ্যানেলের আগেই বিশেষ নজরদারিতে রাখে। এরপর যাত্রী ৪নং ব্যাগেজ বেল্ট থেকে লাগেজ সংগ্রহ করে গ্রিন চ্যানেলের স্ক্যানিং ফাঁকি দিয়ে অতিক্রম করে দ্রুত চলে যাওয়ার সময় তার গতিরোধ করে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে তার চারটি লাগেজ খোলা হয়।

লাগেজের ভেতর ৪৫০টি কার্টনে ৯০ হাজার শলাকা আমদানিনিষিদ্ধ বিদেশি সিগারেট উদ্ধার করে শুল্ক গোয়েন্দা। আটককৃত সিগারেট আমেরিকার তৈরি ৩০৩ ব্র্যান্ডের।

আমদানি নীতি আদেশ অনুযায়ী, সিগারেট প্যাকেটের গায়ে বাংলায় ধূমপানবিরোধী সতর্কীকরণ লেখা ব্যতীত বিদেশি সিগারেট আমদানি করা যায় না।

সিগারেটের ওপর উচ্চ শুল্ক (প্রায় ৪৫০%) পরিহারের জন্যই এসব সিগারেট আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। শুল্ক করসহ আটক পণ্যের মূল্য প্রায় ৩৬ লাখ টাকা।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.