সিটিনিউজ ডেস্ক :: রাজধানীর মতিঝিল থানার নাশকতার মামলায় জামায়াতে ইসলামীর আমির মকবুল আহমাদের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ সোমবার (৩০ অক্টোবর) ঢাকার মহানগর হাকিম সাদবীর ইয়াসির আহসান চৌধুরী রিমান্ডের এই আদেশ দেন।
ঢাকার অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপকমিশনার আনিসুর রহমান এনটিভি অনলাইনকে জানান, আজ ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মতিঝিল থানার পুলিশ জামায়াতের আমির মকবুলকে হাজির করে সাতদিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন।
অপরদিকে আসামি পক্ষের আইনজীবী রিমান্ড আবেদন বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। দুই আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক জামিনের আবেদন নাকচ করে তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।
নথি থেকে জানা যায়, ২০১৫ সালে বিএনপি-জামায়াতের হরতাল অবরোধ চলাকালে মতিঝিল থানা এলাকায় নাশকতার অভিযোগে মামলাটি দায়ের করে পুলিশ। আজ সে মামলায় মকবুলকে রিমান্ডে নেওয়া হয়।
