নৌকাডুবিতে প্রাণ গেল ২ জেএসসি পরীক্ষার্থীর

0

সিটিনিউজ ডেস্ক:: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় তিতাস নদে নৌকাডুবিতে দুই জেএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মৃত ওই দুই পরীক্ষার্থী হল— নাদিরা আক্তার ও সোনিয়া আক্তার। নাদিরা আক্তার বীরগাঁও ইউনিয়নের বাইশমোজা গ্রামের সৈয়দ হোসেনের মেয়ে। আর সোনিয়া আক্তার একই ইউনিয়নের নজরদৌলত গ্রামের শিশু মিয়ার মেয়ে। লাশ দুটি উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে রাখা হয়েছে।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম সিকদার এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, উপজেলার বীরগাঁও উচ্চবিদ্যালয়ের প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী নৌকাযোগে থানাকান্দি থেকে কৃষ্ণনগরের দিকে রওনা হয়। তাদের পরীক্ষার আসন পড়েছিল কৃষ্ণনগর আবদুল জব্বার স্কুল অ্যান্ড কলেজে।

থানাকান্দি থেকে কৃষ্ণনগরের দিকে যাওয়ার সময় তিতাস নদে পুঁতে রাখা একটি বাঁশের সঙ্গে ধাক্কা লেগে নৌকাটি উল্টে গেলে এ দুর্ঘটনা ঘটে।

এসময় স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় শিক্ষার্থী দুজনকে কৃষ্ণনগর স্বাস্থ্যকেন্দ্র ও পরে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আজ বুধবার সারা দেশে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা শুরু হয়েছে।

বীরগাঁও উচ্চবিদ্যালয় থেকে এবার ২৯৮ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে। এই ২৯৮ জন আজ সকালে থানাকান্দি থেকে দুটি নৌকাযোগে কৃষ্ণনগরের দিকে রওনা দেয়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.