নিজস্ব প্রতিবেদক:: সাদার্ন ইউনিভার্সিটির বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের(বিএনসিসি) উদ্যোগে দুই দিনব্যাপী দুর্যোগ মোকাবেলা ও অগ্নি নির্বাপণ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠান আজ সোমবার ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস বায়েজিদ আরেফিন নগরে অনুষ্ঠিত হয়েছে।
গত রোববার থেকে এ প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়। প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগের সময় বিচলিত না হয়ে তাংক্ষণিক মোকাবেলায় কিভাবে ক্ষয়ক্ষতি পরিমাণ কমানো সম্ভব এ ব্যাপারে সচেতনতা বাড়াতে এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্নফুলী রেজিমেন্ট’র সহযোগিতায় আয়োজিত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন সাদার্ন ইউনিভার্সিটির উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা সরওয়ার জাহান এবং ১৩ বিএনসিসি ব্যাটেলিয়ন এডজুটেন্ট মেজর মো. আমিনুল হক ।
ব্যবসায় প্রশাসন বিভাগের প্রভাষক ও প্লাটুন কমান্ডার পিইউও আতিকুর রহমানের তত্ত্বাবধানে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় সাদার্ন ইউনিভার্সিটির বিএনসিসি প্লাটুনের ক্যাডেটসহ ৫০ জন শিক্ষার্থী অংশ নেন। দুই দিনব্যাপী এ কর্মশালায় শিক্ষার্থীদের তাত্ত্বিক ও ব্যবহারিক বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করেন ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ও ১৩ বিএনসিসি ব্যাটেলিয়ন’র উপ-অধিনায়ক ক্যাপ্টেন কাজী নাজমুল হুদা।
