নিরাপত্তা পরিষদের বিবৃতিতে নিয়ে বিব্রত মিয়ানমার

0

আন্তর্জাতিক ডেস্ক:: রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বিবৃতি বাংলাদেশে পালিয়ে যাওয়া রোহিঙ্গাদের ফেরত নেওয়া সংক্রান্ত চলমান আলোচনাকে ক্ষতিগ্রস্ত করবে বলে সতর্ক করেছে মিয়ানমার। বুধবার দেশটির স্টেট কাউন্সিলর তথা কার্যত সরকার প্রধান অং সান সু চির কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সেল খবরে বলা হয়, এর আগে সোমবার নিরাপত্তা পরিষদের এক বিবৃতিতে মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনীর অতিরিক্ত ক্ষমতা চর্চা বন্ধের আহ্বান জানানো হয়। একই সঙ্গে রাজ্যটিতে মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতনের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে সংস্থাটি।

তার দুইদিন পরই এ ধরনের বিবৃতি দিলো নেইপিদো। নিরাপত্তা পরিষদের বিবৃতির জবাবে সু চির কার্যালয় থেকে বলা হয়েছে, মিয়ানমার ও বাংলাদেশ যে সঙ্কট পার করছে, তা কেবল দ্বিপক্ষীয় আলোচনার মধ্য দিয়ে নিরসন করা সম্ভব।

বিবৃতিতে আরো বলা হয়, রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে বাংলাদেশের সঙ্গে মিয়ানমারের আলোচনা চলছে। এ বিষয়ে আলোচনার জন্য বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীকে মিয়ানমার সফরের আমন্ত্রণ জানানো হয়েছে। ১৬ থেকে ১৭ নভেম্বর তার মিয়ানমার থাকার কথা রয়েছে।

এদিকে, মাহমুদ আলীর সম্ভাব্য মিয়ানমার সফরের একদিন আগে বাংলাদেশ সফরে আসবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন। তার সফরের অন্যতম এজেন্ডা রোহিঙ্গা সংকট।

উল্লেখ্য, গত ২৫ আগস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির সেনাবাহিনীর সাঁড়াশি অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত ৬ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে। এখনও রোহিঙ্গাদের ঢল বাংলাদেশে আসা বন্ধ হয়নি।

অথচ মিয়ানামার বলছে, তারা আলোচনার মাধ্যমে পালিয়ে যাওয়া রোহিঙ্গাদের ফেরত নেবে। কিন্তু তার জন্য শর্ত হলো রোহিঙ্গাদের প্রমাণ করতে হবে তারা মিয়ানমারের বাসিন্দা। যেটা প্রমাণ করা রোহিঙ্গাদের জন্য কঠিন। কারণ যুগ যুগ ধরে তারা ওই রাজ্যে বসবাস করে আসলেও দেশটির জান্তা সরকার তাদের কোনো পরিচয়পত্র দেয়নি।

মিয়ানমারের দাবি, রোহিঙ্গা মুসলমানরা বাংলাদেশ থেকে সেখানে গিয়ে আশ্রয় নিয়েছে। অথচ রোহিঙ্গাদের ইতিহাস বলছে, তারা যুগ যুগ ধরে সেখানে বাস করছে। কিন্তু সেটা মানতে নারাজ মিয়ানমার। তাছাড়া রোহিঙ্গারা যে ওই রাজ্যের বাসিন্দা নয়, তার পক্ষেও কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেনি নেইপিদো

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.