সিটিনিউজ ডেস্ক :: চলতি বছরের ৩০ নভেম্বর বাংলাদেশ সফরে আসছেন ক্যাথলিক খ্রিষ্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস। তার সফরকালে নিশ্ছিদ্র ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) এ কে এম শহীদুল হক।
বুধবার (২২ নভেম্বর) পুলিশ হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে পোপের সফর উপলক্ষে নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত এক সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয় বলে জানা যায়।
সফরের সকল ভেন্যু এবং ভিভিআইপিদের যাতায়াতের সময় পুলিশ এবং র্যাব মোতায়েন থাকবে জানিয়ে আইজিপি বলেন, পোপের সফরকালে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের কার্যক্রম নিবিড়ভাবে মনিটরিং এবং তথ্য সংগ্রহ করা হবে।
এসময় ব্লক রেইডের মাধ্যমে তল্লাশি কার্যক্রম পরিচালনার জন্য পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেন আইজিপি। এছাড়া পোপের সফরকে কেন্দ্র করে কোন গোষ্ঠী যাতে অহেতুক গুজব ছড়াতে না পারে সেজন্য সামাজিক যোগাযোগ মাধ্যম মনিটরিংয়ের জন্য পুলিশ ও র্যাব কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন তিনি।
সভায় পুলিশ হেডকোয়ার্টার্সের এডিশনাল ডিআইজি (ইন্টারনাল এন্ড স্পেশাল এ্যাফেয়ার্স) মোঃ মনিরুজ্জামান পোপের সফর উপলক্ষে সার্বিক নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা তুলে ধরেন।
সভায় পুলিশের বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, পররাষ্ট্র মন্ত্রণালয়, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধিগণসহ বাংলাদেশে পোপের সফর উপলক্ষে গঠিত নিরাপত্তা ও সেচ্ছাসেবক বিষয়ক কমিটির আহবায়ক নির্মল রোজারিও এবং খ্রিষ্টান সম্প্রদায়ের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
