উৎসবের আমেজে কাস্তে তৈরীতে ব্যস্ত কামাররা!

0

সুজিত দত্ত,পটিয়া :: দক্ষিণ চট্টগ্রামের পটিয়া-র্কণফুলীতে আমন ধান কাটার কাস্তে তৈরীতে ব্যস্ত সময় পার করছে কামাররা। এতে এতদিন তারা অলস সময় পার করলেও বর্তমানে উৎসবের আমেজে কাস্তে তৈরী করছে। এ দুই উপজেলায় বর্তমানে নানাভাবে ৫৬ হাজার কৃষি পরিবার আমন ধান আবাদের সাথে সর্ম্পকিত।

চলতি আমন মৌসুমে এ দুই উপজেলায় ও একটি পৌরসভায় ১৩ হাজার ৫ শত হেক্টর জমিতে আমন ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় এবং বর্তমানে ঝুঁকিহীনভাবে কৃষকরা ফলন ঘরে তুলে নিতে কাস্তে সহ নানা সরঞ্জাম মজুদ করছে।

জানা যায়, বর্তমানে চলছে আমন ধান কাটা ও মাড়াইয়ের কাজ। ফলে কৃষকদের কাছে কদর ও চাহিদা বেড়েছে কাস্তে ও কৃষি শ্রমিকের।

সরেজমিনে ঘুরে দেখা যায়, পটিয়া উপজেলার একটি পৌরসভায় প্রায় ৫০ টির মত কামারের দোকান রয়েছে। এছাড়াও পটিয়া-র্কণফুলী উপজেলা এবং পটিয়া পৌরসভা, দক্ষিণ ভূর্ষি ইউনিয়ন, হাইদগাঁও কেলিশহর, ধলঘাট, বরলিয়া, জঙ্গলখাইন, কচুয়াই, ছনহরা, ভাটিখাইন, আশিয়া, জিরি, কুসুমপুরা, হাবিলাসদ্বীপ, কোলাগাঁও, শিকলবাহা, কাশিয়াইশ, বড়উঠান, জুলধা, চরপাথরঘাটা, চরলক্ষ্যা, খরনা, শোভনদন্ডী ইউনিয়নে আমনের আবাধ করা হয়েছে বলে কৃষি অফিস সূত্রে জানা যায়।

পটিয়া-কর্ণফুলী উপজেলায় সর্বত্র এখন জোরেশোরে আমন ধান কাটা-মাড়াই করার কাজ কৃষকদের। তাই এখন তারা কামারের দোকানে শোনা যাচ্ছে হাঁতুড়ি পেটানোর খট খট আর হাঁপরের ফুস ফুস শব্দও। ব্যস্ত কৃষি শ্রমিকেরা পুরো মৌসুমে ধান কাটতে এক একজন ৩-৪ টি করে কাস্তে ব্যবহার করে থাকে। তারা একজনের কাস্তে অন্যজনকে দিতে চান না। তাই সারাদিন কাজ শেষে নিজের পছন্দসই কাস্তে কিনতে বা বানাতে সন্ধ্যার পরেই ভিড় করছেন কামারের দোকান গুলোতে।

পটিয়া পৌরসদরের নতুন থানার হাটের কামারের দোকানদার বাবু তপন নন্দী জানান, কোরবানির ঈদের পর চলতি আমন মৌসুমকে ঘিরে আমরা এখন ব্যস্ত সময় পার করছি আমন ধান কাটাকে কেন্দ্র করে। কারণ শুধুমাত্র ঈদুল আযহা ও মনসা পূজায় মানুষ দা-চুরি নতুন ক্রয় করে। এরপর আমাদের অলস বসে থাকতে হয়। বর্তমানে আমন ধানের মৌসুমকে ঘিরে কাস্তে তৈরী করার জন্য মানুষ আমাদের দোকানে ভীড় করছে। আশা করছি আমরা এবার কাস্তে তৈরী করে কাঙ্খিত লাভ পাবো। বর্তমানে পাইকারিতে একটি কাস্তে ৫০-৬০ টাকা বিক্রয় হয়। খুচরা বিক্রয় হয়ে থাকে ৯০-১০০টাকা পর্যন্ত।

কাস্তে ক্রয় করতে আসা কৃষক নুরুল ইসলাম বলেন, চলতি আমন মৌসুমে তিনি ৫০ শতক জমিতে আমান ধান আবাদ করেন। ধান কাটার জন্য কামারের দোকান থেকে ২টি কাস্তে ক্রয় করেছেন। যার দাম পড়েছে ২০০ টাকা।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.