নিজস্ব প্রতিবেদক: নগরীতে একটি বাসা থেকে হাত-পা বাঁধা ও মুখে টেপ লাগানো অবস্থায় ওমর ফারুক বাপ্পী (৪০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাকে খুন করা হয়েছে বলে পুলিশের ধারণা।
শনিবার (২৫ নভেম্বর) সকালে নগরীর চকবাজার থানার কে বি আমান আলী রোডে বড় মিয়া মসজিদের সামনে একটি ভবনের নিচতলার বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। এসময় ওই বাসায় আর কাউকে পাওয়া যায়নি বলে জানিয়েছেন চকবাজার থানার ওসি নূরুল হুদা।
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক (মেট্রো) সন্তোষ কুমার চাকমা বলেন, হাত-পা বাঁধা আছে। মুখ টেপ দিয়ে মোড়ানো। পুরুষাঙ্গ কাটা অবস্থায় পাওয়া গেছে। ব্যক্তিগত আক্রোশ থেকে কেউ শ্বাসরোধ করে খুন করেছে বলে ধারণা করছি।
জানা গেছে, বাপ্পী চট্টগ্রাম আদালতে আইন পেশায় আছেন। ২০১৩ সালে তিনি বারে অন্তর্ভুক্ত হন। তিনি বান্দরবান জেলার আলীকদম উপজেলার চৌমুহনী গ্রামে। বাপ্পীর বাবা আলী আহমেদ এবং মা মানোয়ারা বেগম।
২০১৭ সালের জানুয়ারিতে নগরীর পাঁচলাইশ থানায় বাপ্পীর স্ত্রী রাশেদা বেগম বাদি হয়ে তার বিরুদ্ধে যৌতুকের জন্য নির্যাতনের অভিযোগে একটি মামলা দায়ের করেন।
এর আগে ২০১৪ সালের ডিসেম্বরে নগরীর বাকলিয়া থানায় এবং ২০১৭ সালের এপ্রিলে কোতয়ালী থানায় বাপ্পী তার স্ত্রী রাশেদার বিরুদ্ধে দুইটি মামলা দায়ের করেছিলেন।
‘আজ (শনিবার) ভোরে দারোয়ান দেখতে পান, বাসার দরজা খোলা। ভেতরে গিয়ে তিনি একটি লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। শরীরে তেমন আঘাতের চিহ্ন পাচ্ছি না। শ্বাসরোধ করে খুন করা হতে পারে।’
সূত্রমতে, আইনজীবী বাপ্পীর মক্কেল এক ইয়াবা বিক্রেতা বর্তমানে কারাগারে আছেন। মামলা পরিচালনার সূত্রে ওই ইয়াবা বিক্রেতার স্ত্রীর সঙ্গে বাপ্পীর যোগাযোগ হয়েছিল। যে নারী বাসা ভাড়া নিয়েছিলেন তিনি ওই ইয়াবা বিক্রেতার স্ত্রী বলে ধারণা করছে পুলিশ।
