সিটিনিউজ ডেস্ক:: ‘মানুষ এবং শান্তি জন্য কূটনীতি’ শীর্ষক প্রতিপাদ্য নিয়ে ঢাকায় শুরু হয়েছে কূটনীতিকদের সম্মেলন। রোববার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে তিন দিনব্যাপী সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত ঢাকার কূটনীতিকদের নিয়ে এ সম্মেলনের আয়োজন করেছে সরকার। এতে বিদেশে থাকা বাংলাদেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও মিশন প্রধানরা উপস্থিত রয়েছেন।
সরকারের পক্ষ থেকে এ ধরনের উদ্যোগ এবারই প্রথম নেওয়া হলো।
পররাষ্ট্র নীতি বাস্তবায়ন ও চলমান সংকট মোকাবেলায় সরকারের এ উদ্যোগকে বড় ধরনের পদক্ষেপ বলেই মনে করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চেয়ারম্যান অধ্যাপক এহসানুল হক।
সম্মেলনে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার, জাতিসংঘসহ বিভিন্ন সংস্থায় নিয়োজিত স্থায়ী প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে। এতে সরকারের দায়িত্বশীল প্রতিনিধিরা বক্তব্য রাখবেন। এ ছাড়া নাগরিক সমাজ, আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক, গবেষক এবং পদস্থ কর্মকর্তা ও পেশার কূটনীতিকদেরও মতামত দেয়ার সুযোগ রয়েছে।
