চাটুকারিতা ছাড়া বিএনপি’র কোনো পুঁজি নেই: সেতুমন্ত্রী

0

সিটিনিউজ ডেস্ক :: বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী নির্বাচনে ভোট নেওয়ার জন্য কথার ফুলঝুড়ি ও চাটুকারিতা ছাড়া বিএনপি’র আর কোনো পুঁজি নেই। তারা শুধু ঘরে বসে মিথ্যাচারের ভাঙা রেকর্ড বাজায়।

বুধবার (২৯ নভেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত ‘সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের’ উদ্বোধনী উপলক্ষে এক সমাবেশে তিনি এ কথা বলেন।

বিএনপিকে বাংলাদেশ নালিশ পার্টি উল্লেখ করে কাদের বলেন, বিএনপি মাসে মাসে আন্দোলনের হুমকি দেয়। কিন্তু তাদের কথা ও কাজে কোনো মিল নেই। পাশাপাশি অভ্যন্তরীণ কোন্দল মিটিয়ে ও অপশক্তির বিরুদ্ধে নির্বাচনের প্রস্তুতি নিতে নির্দেশ দেন দলের নেতাকর্মীদের।

এ সময় দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন,‘দল ভারি করতে খারাপ লোককে দলে ভেড়াবেন না। কোনো বিতর্কিত ব্যক্তিকে দলের সদস্য করবেন না। নিজেদের মধ্যকার দ্বন্দ্ব মিটিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করুন। নেতাদের মধ্যে যদি শৃঙ্খলা না থাকে, তবে কর্মীদের মধ্যে কিভাবে শৃঙ্খলা থাকবে?

সেতুমন্ত্রী আরও বলেন, যারা জনগণের কাছে চিহ্নিত সন্ত্রাসী, সাম্প্রদায়িক অপশক্তি তারা আওয়ামী লীগের সদস্য হতে পারবে না। বিএনপিকে ইঙ্গিত করে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের জোয়ারে গণঅভ্যুত্থান এখন জাদুঘরে।

সেতুমন্ত্রী বলেন, আগামী নির্বাচনে নারী ভোটার ও তরুণ ভোটার শেখ হাসিনার প্রধান হাতিয়ার। একজন রাজনীতিকের জীবনে মানুষের ভালোবাসার চেয়ে বড় আর কিছু নেই। তাই মানুষের ভালোবাসা পেতে হলে সৎ হতে হবে, মানুষকে ভালোবাসতে হবে।

এ সময় নেতা-কর্মীদের হুঁশিয়ারি দিয়ে মন্ত্রী বলেন, বিভিন্ন সংস্থার মাধ্যমে জনমত জরিপ চলছে নেতাদের সম্পর্কে। যারা চাঁদাবাজ ও সাম্প্রদায়িক শক্তির মানুষকে দলে ভেড়াচ্ছেন তাদের মনোনয়ন দেওয়া হবে না।

জেলা আওয়ামী লীগের সভাপতি মঈনুদ্দিন মন্ডল এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক এমপি, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, কেন্দ্রীয় কমিটির সদস্য এইচ এম খায়রুজ্জামান লিটন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল ওদুদ এমপি প্রমুখ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.