বন্দর ব্যবহারকারীদের সঙ্গে আলাপ না করে আমদানি-রফতানি পণ্যবাহী কন্টেইনারে বৈদ্যুতিক তালা ব্যবহারের নির্দেশনা দিয়ে জাতীয় রাজস্ব বোর্ড যে এসআরও জারি করেছে তা বাতিলের দাবি জানিয়েছে বন্দর ব্যবহারকারী ও ব্যবসায়ীরা।
এছাড়া কন্টেইনারে পণ্য পরিবহনে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় থেকে যে নির্দেশনা জারি করা হয়েছে তা ৩ মাসের জন্য স্থগিত এবং লাইটার জাহাজ নির্মাণের অনুমতি দেওয়ার দাবি জানানো হয়েছে।
সোমবার বিকেলে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু কনফারেন্স হলে অনুষ্ঠিত পোর্ট ইউজার ফোরামের সভায় এসব দাবি জানান ব্যবসায়ীরা। এতে সভাপতিত্ব করেন চেম্বার সভাপতি ও ফোরামের চেয়ারম্যান মাহবুবুল আলম।
সভা শেষে মাহবুবুল আলম সাংবাদিকদের জানান, কন্টেইনারে বৈদ্যুতিক সিল ব্যবহারে ব্যবসায়ীরা রাজি নয়। তাই জাতীয় রাজস্ব বোর্ডের জারি করা এসআরও বাতিলের দাবি জানানো হয়েছে। এ বিষয়ে চট্টগ্রাম চেম্বার চিঠি দিয়েছি। সভার সিদ্ধান্ত জানিয়ে আবারও চিঠি দেওয়া হবে।
মাহবুবুল আলম বলেন, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের একটি নির্দেশনার কারণে ৪০ ফিটের কন্টেইনারে আসা পণ্য পরিবহন করতে পারছে না। ফলে কন্টেইনারগুলো বন্দরে জমা হচ্ছে। এতে কন্টেইনার জট সৃষ্টি হবে। তাই বিষয়টি তিন মাসের জন্য স্থগিতের আবেদন জানিয়ে চট্টগ্রাম চেম্বারের পক্ষ থেকে চিঠি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
