সিটিনিউজ ডেস্ক :: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছে চীনা কমিউনিস্ট পার্টির একটি প্রতিনিধি দল। বাংলাদেশ থেকে রোহিঙ্গারা যাতে মিয়ানমারে দ্রুত ফিরে যেতে পারে এ জন্য মধ্যস্থতা করতে চীনের সহযোগিতা কামনা করেছেন খালেদা জিয়া।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় গুলশানের কার্যালয়ে সাক্ষাৎ করার সময় চীনা কমিউনিস্ট পার্টির প্রতিনিধি দলের প্রতি খালেদা জিয়া এই অনুরোধ করেছেন বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
দেড় ঘণ্টাব্যাপী এই অনুষ্ঠানে ৬ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন চীনা কমিউনিস্ট পার্টির ইন্টারন্যাশনাল ডিপার্টমেন্টের (আইডিসিপিসি) সহকারী মন্ত্রী ওয়াং ইয়াজুন।
বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে মির্জা ফখরুল বলেন, রোহিঙ্গারা যাতে দ্রুত মিয়ানমারে ফিরে যেতে পারে এ ব্যাপারে চীনকে মধ্যস্থতা করার অনুরোধ জানিয়েছেন খালেদা জিয়া।
তিনি বলেছেন, চীন মধ্যস্থতা করলে রোহিঙ্গারা দ্রুত তাদের দেশে ফিরে যেতে পারবে।
এ প্রসঙ্গে চীনা প্রতিনিধি দলের সদস্যরা বলেন, তাদের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে এসেছিলেন, কথা বলেছেন। দুই দেশের মধ্যে ভালো সম্পর্ক তৈরি করে মিয়ানমারে যাতে রোহিঙ্গারা ফিরে যেতে পারেন- এজন্য তারা চেষ্টা করছেন, কাজ করছেন।
মির্জা ফখরুল জানান, বৈঠকে চীনের কমিউনিস্ট পার্টির সদ্য সমাপ্ত ১৯তম কংগ্রেস ও ‘ওয়ার্ল্ড পলিটিক্যাল পার্টি ডায়ালগ’-এর বিষয়বস্তু ও সিদ্ধান্তসমূহ বিএনপি চেয়ারপারসনকে ব্রিফ করেছেন প্রতিনিধি দলের সদস্যরা।
বৈঠকে বিএনপির পক্ষে অন্যদের মধ্যে অংশ নেন দলের স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য রিয়াজ রহমান, সাবিহউদ্দিন আহমেদ।
