দেশ পরিচালিত হচ্ছে সন্ত্রাসী কায়দায়: মির্জা ফখরুল

0

সিটিনিউজ ডেস্ক :: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘অবৈধ পন্থায় ক্ষমতা দখলকারী গোষ্ঠী দীর্ঘদিন ক্ষমতায় অধিষ্ঠিত থাকার বাসনায় সন্ত্রাস সৃষ্টিকেই এখন প্রধান অবলম্বন মনে করছে। পুলিশের উপস্থিতিতে বিএনপি সমর্থিত প্রার্থী ও সমর্থকদের ওপর আওয়ামী সন্ত্রাসীদের হামলায় এটি সুস্পষ্ট যে, দেশ এখন আইন-কানুনের দ্বারা পরিচালিত হচ্ছে না, বরং দেশ পরিচালিত হচ্ছে সন্ত্রাসী কায়দায়।’

আজ মঙ্গলবার (২৬ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপি মহাসচিব এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠিতব্য লাকসামের ৪টি ইউপি নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী সন্ত্রাসীদের বেপরোয়া তান্ডব শুরু হয়েছে। শেষ মূহুর্তের প্রচার-প্রচারণায় বিএনপি সমর্থিত প্রার্থী ও তাদের কর্মী-সমর্থকদের ওপর হামলা চালাতে দানবের ভূমিকায় অবতীর্ণ হয়েছে আওয়ামী ক্যাডার বাহিনী।’

মির্জা ফখরুল বলেন, সোমবার মুদাফরগঞ্জ উত্তর ইউনিয়নের কয়েকটি এলাকায় বিএনপি সমর্থিত প্রার্থী মো. শাহ আলম তার কর্মী-সমর্থকদের নিয়ে গণসংযোগ করতে গেলে সম্পূর্ণ বিনা উস্কানিতে সরকারদলীয় প্রার্থী শাহিনের অস্ত্রধারী ক্যাডার বাহিনী পুলিশের উপস্থিতিতে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায়। হামলায় বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী শাহ আলমের ছোট ভাই খোরশেদ আলমসহ ১৫ জন আহত হন।

‘ভাংচুরের মাধ্যমে শাহ আলমের ব্যবহৃত গাড়িটির ব্যাপক ক্ষতিসাধন করা হয়। আহতদের মধ্যে খোরশেদ আলম এর অবস্থা খুবই গুরুতর, তার ঘাড় ও মাথায় ‘রাম দা’ দিয়ে কোপানো হয়েছে। তিনি বর্তমানে কুমিল্লার একটি হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।’

বিএনপি মহাসচিব বলেন, ‘লাকসামের ৪টি ইউনিয়নে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে বর্তমান শাসকগোষ্ঠী গায়ের জোরে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদেরকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী করতে নির্বাচনী এলাকাগুলোতে আওয়ামী ক্যাডারদের লেলিয়ে দিয়েছে। নির্বাচনী এলাকাগুলোতে চলছে আওয়ামী সন্ত্রাসীদের অস্ত্রের ঝনঝনানি।’

তিনি বলেন, ‘প্রার্থী ও সমর্থকদের ভয় পাইয়ে দিতে এবং নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখতেই বর্তমান শাসকগোষ্ঠী উদ্দেশ্যপ্রণোদিতভাবে অতীতের স্থানীয় নির্বাচনগুলোর মতোই লাকসামের ৪টি ইউনিয়নেও এই ধরনের বর্বরোচিত, অমানবিক ও ন্যাক্কারজনক ঘটনার অবতারণা করছে। বর্তমানে দেশে সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ না থাকার কারণে মানুষ তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে ভোট দেবার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে।’

তিনি বলেন, ‘আমি লাকসামের ৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী সন্ত্রাসীদের দৌরাত্ম্য ও ন্যাক্কারজনক হামলার পুনরাবৃত্তি বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীর জরুরি হস্তক্ষেপ দাবি করছি। আওয়ামী ক্যাডারদের হামলায় হাসপাতালে মুর্মূষু অবস্থায় চিকিৎসাধীন গুরুতর আহত খোরশেদ আলমসহ বিএনপি সমর্থিত প্রার্থীর অন্যান্য কর্মী-সমর্থকদের সুস্থতা কামনা করছি।’

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.