কুমিরা ফাঁড়ির ইনচার্জকে বদলী

0

কামরুল ইসলাম দুলু,সিটিনিউজ :: সীতাকুণ্ডের কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট মো.জাহাঙ্গীর আলমকে ইয়াবা পাচারকারীদের হাতে নাতে ধরেও ছেড়ে দেওয়ার ঘটনায় কুমিরা থেকে মাদারীপুর রেঞ্জে শাস্তিমুলক বদলি করা হয়েছে।

উল্লেখ্য যে, গত ১৫ ডিসেম্বর ২০১৭ রাত আড়াইটার সময় এটিএসআই জামশেদ আলমের নেতৃত্বে উপজেলার জোড়আমতল থেকে একটি পিকআপ (ঢাকামেট্রো- ন-১৭৩২৩২) গতিরোধ করে ৩০ হাজার ৮০০ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়।

পরে কুমিরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহাঙ্গীর আলমের নির্দেশে ইয়াবা,পিকআপসহ একলক্ষ টাকার বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠে। এ ঘটনার একদিন পর ফাড়িঁর এটিএসআই জামশেদ,কনস্টেবল আলিউল্লাহ,আনোয়ার, সাজেদুল ইসলাম এবং গোলাম কবিরকে কুমিরা থেকে প্রত্যাহার করা হয়।

উক্ত ঘটনার পর থানার কিছু পুলিশ সদস্য আটক পিকআপ ভ্যান এবং ছেড়ে দেওয়া আসামিদের ছবি তুলে তা ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পাঠিয়ে দেন। বিষয়টি জানার পর চট্টগ্রামের পুলিশ সুপার নূরে আলম মিনা তাৎক্ষণিকভাবে কুমিরা ফাঁড়ির উল্লেখিত ৫ পুলিশকে  প্রত্যাহার করেন।

পাশাপাশি কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জের বিরুদ্ধে উত্তরের ডিআইজির কার্যালয় এবং হাইওয়ে পুলিশ, কুমিল্লার এডিশনাল এসপি মো. রহমত উল্লাহর নেতৃত্বে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়।

ঘটনার তদন্তকারী কর্মকর্তা কুমিল্লার এডিশনাল এসপি মো. রহমত উল্লাহ টানা দুই সপ্তাহ তদন্ত করে সম্প্রতি সার্জেন্ট মো. জাহাঙ্গীরের বিরুদ্ধে আনীত অভিযোগের প্রমাণ পেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তদন্ত প্রতিবেদন দেন। এর ভিত্তিতে কর্তৃপক্ষ সার্জেন্ট মো. জাহাঙ্গীরকে শাস্তিমূলক বদলি করে।

তদন্তকারী কর্মকর্তা কুমিল্লার এডিশনাল এসপি মো. রহমত উল্লাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সার্জেন্ট জাহাঙ্গীরের বিরুদ্ধে অভিযোগের সাক্ষী-প্রমাণের প্রেক্ষিতে এবং তিনি স্পষ্টতই নিয়ম লঙ্ঘন করায় আমি প্রতিবেদন দিয়েছি। কর্তৃপক্ষ তাঁকে মাদারীপুর রেঞ্জে বদলি করেছে।

 

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.