সিটিনিউজ ডেস্ক :: নন-এমপিও শিক্ষকদের দাবি পূরণ প্রধানমন্ত্রীর আশ্বাসের পর এবার এমপিওভুক্ত শিক্ষকরা তাদের প্রতিষ্ঠান জাতীয়করণের দাবি করেছেন।
আজ শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ শিক্ষক সমিতি আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষক নেতারা ২২ হাজারেরও বেশি প্রতিষ্ঠান জাতীয়করণের দাবি জানান।
দাবি আদায় না হলে আগামী ১৪ জানুয়ারি উপজেলা পর্যায়ে মানববন্ধন, ২৩ জানুয়ারি জেলা পর্যায়ে মানববন্ধন ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি প্রদান এবং মার্চে রাজধানীতে শিক্ষক মহাসমাবেশের ঘোষণা দিয়েছেন।
সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি সৈয়দ জুলফিকার আলম চৌধুরী লিখিত বক্তব্যে বলেন, বিভিন্ন স্তরায়নের কারণে শিক্ষাব্যবস্থায় নাজেহাল অবস্থা বিরাজ করছে, যাতে শিক্ষক-শিক্ষার্থী উভয়ই ক্ষতিগ্রস্ত হচ্ছে।
শিক্ষক নেতা বলেন, ‘সরকার যে পরিমাণ টাকা দেয়, আর বাকি যে পরিমাণ টাকা লাগবে শিক্ষকদের চাকরি জাতীয়করণ করতে তাতে এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে যে আয় হয় এটা এলোমেলো অবস্থায় আছে। বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন রকম। এইটাকে একটা সমন্বয় করে একটা সরকারি সিদ্ধান্ত নিয়ে যে, আমরা এই পরিমাণ; যেমন সব স্কুলে বেতন একটা ১০০ টাকা হবে। এরকম যদি সরকার একটা পরিকল্পনা করে সব জায়গায়। তাহলে সব টিচার সব জায়গায় যাইতে পারবে। তাহলে বেতনের বৈষম্যও থাকবে না। অভিভাবকরা উপকৃত হবে। আবার শিক্ষাব্যবস্থার মানও বাড়বে, শিক্ষকদের মানও বাড়বে।’
এর আগে এমপিওভুক্তির (মাসিক সরকারি বেতন-ভাতা) দাবিতে গত ২৬ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে অংশ নেন নন-এমপিও শিক্ষকরা। একই দাবিতে গত ৩১ ডিসেম্বর আমরণ অনশনে যান তারা। এতে অনশনে শতাধিক শিক্ষক অসুস্থ হয়ে পড়েন।
গত ২ জানুয়ারি প্রেসক্লাবের সামনে নিয়ে শিক্ষকদের কাছে যান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্ত করার আশ্বাস দেন। কিন্তু শিক্ষকরা তাঁর এ আশ্বাস প্রত্যাখ্যান করেন। প্রধানমন্ত্রীর আশ্বাস না পাওয়া পর্যন্ত তারা অনশন চালিয়ে যাবেন বলে ঘোষণা দিয়েছিলেন।
পরে গতকাল শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্বাস পেয়ে অনশন কর্মসূচি প্রত্যাহার করে শিক্ষকরা।
