বিএনপি অবিরাম মিথ্যাচারের ভাঙা রেকর্ড বাজাচ্ছেঃ কাদের
সিটি নিউজ ডেস্কঃঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির কয়েকজন অবিরাম মিথ্যাচারের ভাঙা রেকর্ড বাজায়।আগামী নির্বাচনে বিএনপি যদি অংশ না নেয় তবে তাদের নিবন্ধন বাতিল হয়ে যাবে। সব গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচন হয়, বাংলাদেশে আলাদা ব্যবস্থা কেন করবো, সব গণতান্ত্রিক দেশের মতোই বাংলাদেশে নির্বাচন হবে।
আজ শনিবার (৩ ফেব্রুয়ারী) কুমিল্লার শাসনগাছা রেলওয়ে ওভারপাস পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, নির্বাচনকালীন সরকার ছোট আকারে হবে, তখন মন্ত্রীপরিষদ এখনের চেয়ে কমে যাবে। আইন প্রয়োগকারী সংস্থা চলে যাবে নির্বাচন কমিশনের অধীনে। তারা (বিএনপি) ভয় পাচ্ছে কেন, তাদের নির্বাচনে আসতে হবে।
নেতাকর্মীদের ভয়ভীতি দেখানো হচ্ছে বিএনপি মহাসচিবের এমন অভিযোগের জবাবে ওবায়দুল কাদের বলেন, যে হুমকি-ধমকি দেবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
বিএনপি হাওয়ার উপর মিথ্যাচার করে। তাদের (বিএনপি) কোন কাজ নেই, তাদের আছে কথা। বিএনপির কয়েকজন অবিরাম মিথ্যাচারের ভাঙা রেকর্ড বাজায়। কে তাদের হুমকি দেয়, তথ্য প্রমাণ দিলে আমরা ব্যবস্থা নেব।
