সিটি নিউজ ডেস্কঃঃ দেশের ২২তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন বঙ্গভবনে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।
আজ শনিবার (৩ ফেব্রুয়ারী) সন্ধ্যা ৭টায় সপরিবারে বঙ্গভবনে প্রবেশ করেন তিনি। বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন দেশের ২২তম প্রধান বিচারপতি। তিনি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহার স্থলাভিষিক্ত হলেন। মাহমুদ হোসেন ২০২১ সালের ৩০ ডিসেম্বর অবসরে যাবেন।
বঙ্গভবনের দরবার হলে এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মন্ত্রিসভার জ্যেষ্ঠ সদস্যবৃন্দ, সাবেক প্রধান বিচারপতি, উচ্চ আদালতের জ্যেষ্ঠ আইনজীবীসহ সরকারের পদস্থ বেসামরিক-সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শপথ অনুষ্ঠান পরিচালনা করবেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।
আপিল বিভাগের বিচারপতিদের মধ্যে জ্যেষ্ঠতার ক্রমধারায় সৈয়দ মাহমুদ হোসেনের অবস্থান দ্বিতীয়। প্রথম অবস্থানে রয়েছেন বিচারপতি আব্দুল ওয়াহহাব মিঞা।
বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন গত দুটি নির্বাচন কমিশন গঠনের জন্য সার্চ কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। সৈয়দ মাহমুদ হোসেন ১৯৯৯ সালে ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ২০০১ সালের ২২ ফেব্রুয়ারি হাইকোর্ট বিভাগে অতিরিক্ত বিচারপতি নিয়োগ পান। ২০১১ সালের ২৩ ফেব্রুয়ারি আপিল বিভাগে নিয়োগ পান তিনি।
সরকারের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন ও বিতর্কের মধ্যে ছুটি নিয়ে বিদেশ যাওয়া প্রধান বিচারপতি এস কে সিনহা গত বছরের ১১ নভেম্বর রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পাঠান। পরে বঙ্গভবন থেকে জানানো হয় রাষ্ট্রপতি এই পদত্যাগপত্র গ্রহণ করেছেন। এস কে সিনহা ছুটিতে যাওয়ার পর থেকে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন আপিল বিভাগের অপর জ্যেষ্ঠ বিচারপতি আব্দুল ওয়াহহাব মিঞা।
এদিকে রাষ্ট্রপতি বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেয়ার পর ব্যাক্তিগত কারণ দেখিয়ে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি জ্যেষ্ঠ বিচারপতি আব্দুল ওয়াহহাব মিয়া পদত্যাগ করেন। এ ব্যাপারে আইনমন্ত্রী আনিসুল হক বলেন,ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি পদত্যাগ না করে রাষ্ট্রপতির সিদ্ধান্তকে সম্মান জানাতে পারতেন।
